চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নাজমুন নাহার স্বপ্না নামে সাবেক এক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাজমুন নাহার স্বপ্না কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তিনি ২০২৪ সালের শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে কলসি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুন নাহার পেশায় বিউটিশিয়ান ছিলেন এবং খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন। কয়েক দিন আগে এক ব্যক্তি নিজেকে তাঁর স্বামী পরিচয় দিয়ে ওই ফ্ল্যাটটি ভাড়া নেন।
সোমবার সকালে বাসা থেকে শিশুদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। পরে তারা ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে নাজমুন নাহারের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ভবনের মালিক মেহেদী হাসান জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বাসাটি ভাড়া নিয়েছিলেন। অল্প সময়ের মধ্যে এমন ঘটনা ঘটায় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক শমশেদ হোসেন বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ও তদন্ত শেষে জানা যাবে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্যসমূহ