বাংলাদেশের সাবেক স্পিকার, প্রবীণ আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি বিএনপির নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম নিশ্চিত করেছেন। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় তিনি রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতি, আইন ও সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০২ সালে রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।
১৯৩১ সালের ১ ডিসেম্বর তৎকালীন জলপাইগুড়ি জেলার বর্তমান পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে তার জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি আইনশাস্ত্রে পড়াশোনা সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি নিয়ে দেশে ফিরে সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন বিষয়ে দীর্ঘদিন সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত হন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার পর দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ভূমি, শিক্ষা, আইন, বিচার ও সংসদ বিষয়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
স্পিকার হিসেবে সংসদ পরিচালনায় সাংবিধানিক দায়িত্ব পালনে তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়। পাশাপাশি আন্তর্জাতিক আইন, সমুদ্র আইন, জাতিসংঘ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে একাধিক গ্রন্থ রচনা করেন তিনি। নিজ জেলা পঞ্চগড়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমেও শিক্ষা বিস্তারে অবদান রাখেন।
তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন, আইনজীবী সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে রাষ্ট্র, আইন ও সংসদীয় গণতন্ত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মন্তব্যসমূহ