জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য ১৪টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হবে। এর মধ্যে চারটি নতুন এবং আটটি সংশোধিত প্রকল্প রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, সড়ক যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতের প্রকল্পগুলো সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সভায় শিক্ষা খাতের দুটি সংশোধিত প্রকল্প উপস্থাপন করা হবে। এগুলো হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধন এবং খুলনার পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন।
স্বাস্থ্যসেবা খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে দেশের আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন। পাশাপাশি যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন প্রস্তাবও রয়েছে।
এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ভোলার চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ প্রকল্প সভায় উপস্থাপন করা হবে।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের দুটি প্রকল্প রয়েছে। একটি পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং অন্যটি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে হেরিং বোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ সংশোধন প্রস্তাবও আলোচনায় আসবে।
বিদ্যুৎ খাতের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির প্রকল্প।
সড়ক যোগাযোগ খাতে বরিশাল (দিনারেরপুল)-লক্ষ্মীপাশা-দুমকি সড়কের ২৭তম কিলোমিটারে পাণ্ডব-পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধন প্রস্তাব উপস্থাপন করা হবে।
এদিকে পরিকল্পনামন্ত্রীর ইতোমধ্যে অনুমোদিত আরও সাতটি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হবে। এগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প।
এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্যাকিং হাউজের উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগার আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন এবং দেশের অভ্যন্তরীণ জলাশয়ে মৎস্যসম্পদ জরিপ পদ্ধতির উন্নয়ন প্রকল্প রয়েছে।
পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত বাকি প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ভেনম রিসার্চ সেন্টারের সক্ষমতা বৃদ্ধি এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন।
সভার আলোচ্যসূচিতে থাকা প্রকল্পগুলোর অনুমোদন, সংশোধন কিংবা পরবর্তী কার্যক্রমের বিষয়ে একনেক সিদ্ধান্ত নেবে।














মন্তব্যসমূহ