ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকা দুর্ঘটনায় ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
দূতাবাস জানিয়েছে, নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক এবং ৪ জন ক্রু সদস্যসহ মোট ৩৬ জন আরোহী ছিলেন। ভিয়েতনাম কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে প্রকাশিত তালিকা অনুযায়ী, নিহত সবাই ভারতের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ভিয়েতনাম কোস্ট গার্ডের চতুর্থ অঞ্চল কমান্ড উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৪০ জন কর্মকর্তা, একটি কোস্ট গার্ড জাহাজ এবং দুটি দ্রুতগতির উদ্ধারকারী নৌকা নিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধারকারীরা নৌকাটির সব ৩৬ জন আরোহীকে পানি থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসতে সক্ষম হলেও, এর মধ্যে ১৫ জনকে মৃত ঘোষণা করা হয়। বাকি ২১ জনকে দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং হো চি মিন সিটিতে ভারতের কনস্যুলেট। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে তারা।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও নৌকাডুবির ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি জানান, ভারত সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে এবং ভিয়েতনামে অবস্থানরত ভারতীয় কূটনৈতিক মিশন প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রেখেছে।
সূত্র : রয়টার্স
মন্তব্যসমূহ