২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ রোববার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফল প্রকাশ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে এসব সেবা চালু হবে।
এসএমএসের মাধ্যমে ফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে প্রথমে DPE লিখে একটি স্পেস দিতে হবে। এরপর পরীক্ষার্থীর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, কারও রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে DPE 123456 এবং সেটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে। এরপর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য প্রদান করে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে।
উল্লেখ্য, প্রাথমিকভাবে গত বৃহস্পতিবার ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়েছিল। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ায় আজ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হচ্ছে।
মন্তব্যসমূহ