প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন।তিনি জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৩৫ হাজার ৮৯২ জন ছাত্র এবং ৪৩ হাজার ৩৫৪ জন ছাত্রী। শতকরা হিসাবে ছাত্রের হার ৪৫ দশমিক ২৯ শতাংশ এবং ছাত্রীর হার ৫৪ দশমিক ৭১ শতাংশ।[BANGVIEWS-POST:1637]মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬ অনুসারে মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা ছিল। এর মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০টি সাধারণ বৃত্তির জন্য নির্ধারণ করা হয়। তবে চূড়ান্ত ফলাফলে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।এবারের পরীক্ষায় দেশের ৭৮ হাজার ৮১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি। নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন। পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন শিক্ষার্থী, যা মোট নিবন্ধিত পরীক্ষার্থীর ৬৫ দশমিক ১১ শতাংশ।বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুলে সরকারি বিদ্যালয় থেকে ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬ হাজার ৫৯০ জন নির্বাচিত হয়েছে। সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন, যার মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯ হাজার ৮৬১ জন শিক্ষার্থী রয়েছে। এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফলাফল অনলাইনে আপলোডের কার্যক্রম শুরু হয়েছে। সম্পূর্ণ ফলাফল প্রকাশে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম এবং এসএমএসের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন।