দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হলেও সরাসরি হামে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৫৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৭০২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
এ নিয়ে ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ১০ হাজার ৬০১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৪১০ জন।
প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ হাজার ৪৯১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৯ হাজার ৭৬২ জন।
মন্তব্যসমূহ