ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার নতুন দফার হামলায় অন্তত পাঁচজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। হামলায় দেশটির বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় পাঁচটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এ ছাড়া রুশ নিয়ন্ত্রণাধীন জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কেন্দ্রটি ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করতে হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ইউক্রেনের উপ-জ্বালানিমন্ত্রী আর্তেম নেকরাসভ জানান, রাশিয়ার হামলায় দনিপ্রোপেত্রোভস্ক, দোনেৎস্ক, জাপোরিঝঝিয়া, ওদেসা ও খারকিভ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে জাপোরিঝঝিয়া ও দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার ও অবকাঠামো মেরামতের কাজ চলছে। তবে রাশিয়ার ধারাবাহিক হামলা এবং বারবার বিমান হামলার সতর্কসংকেতের কারণে উদ্ধার ও মেরামত কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে গোলাবর্ষণের পর জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কেন্দ্রটির প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে ডিজেল জেনারেটর চালু করা হয়।
ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ১৭ বার কেন্দ্রটির বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
অন্যদিকে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে কৃষ্ণসাগরসংলগ্ন ওদেসা অঞ্চলে রাশিয়ার হামলায় দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। হামলায় কয়েকটি গাড়ি, ব্যক্তিগত স্থাপনা ও শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেহ কিপের।
উত্তরাঞ্চলীয় চেরনিহিভেও রাশিয়ার হামলায় একটি শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ।
পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বসতি লক্ষ্য করে সাতবার গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এসব হামলায় ক্রামাতোরস্ক শহরে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিন।
খারকিভ শহর ও আশপাশের ছয়টি বসতিতেও হামলা হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এসব হামলায় একজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন।
রাজধানী কিয়েভেও রাতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর একটি বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যায়। এতে দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো।
এদিকে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার সামারা অঞ্চলেও একজন নিহত হয়েছেন। ওই অঞ্চলের গভর্নরের বরাতে রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
সামারা রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি ও তেল পরিশোধন অঞ্চলগুলোর একটি। সেখানে রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি রসনেফটের তেল পরিশোধন অবকাঠামো রয়েছে।
ইউক্রেনের ওপর ধারাবাহিক রুশ হামলার কারণে দেশটির বিদ্যুৎব্যবস্থা ক্রমেই চাপের মুখে পড়ছে। বিশেষ করে শীত মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে।
তবে ক্ষতিগ্রস্ত পাঁচটি অঞ্চলের সব এলাকা সম্পূর্ণ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে, এমন তথ্য জানায়নি ইউক্রেনীয় কর্তৃপক্ষ। অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং পুনরুদ্ধারের কাজ চলছে।
সূত্র : আল জাজিরা














মন্তব্যসমূহ