জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংসদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার সংসদীয় রীতির পরিপন্থী।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনা চলাকালে রুলিং দিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, সংসদে মোবাইল ফোন ব্যবহার করা রীতিবিরুদ্ধ। তিনি সকল সংসদ সদস্যকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সংসদের মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে সংসদীয় আচরণবিধি অনুসরণ করতে হবে।
আলোচনার এক পর্যায়ে একজন সংসদ সদস্যকে প্রকাশ্যে মোবাইল ফোন ব্যবহার করতে দেখে স্পিকার তাৎক্ষণিকভাবে বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, কেউ কেউ আড়ালে ফোন ব্যবহার করেন, কিন্তু প্রকাশ্যে মোবাইল ব্যবহার করা সংসদের শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
স্পিকার অধিবেশন চলাকালে উপস্থিত সকল সংসদ সদস্যকে সংসদের নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি আইনসভার মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।














মন্তব্যসমূহ