এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফির বাইরে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। এ ধরনের অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (৬ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ এসেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ফরম পূরণের নামে কোনো ধরনের বাড়তি ফি আদায় না করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
নির্দেশনায় আরও স্পষ্ট করা হয়েছে, বোর্ডের এ সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ না করলে দায়ী শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ অবস্থায় এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনাটি গুরুত্বের সঙ্গে মেনে চলার অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।














মন্তব্যসমূহ