ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। নকআউট পর্বের লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন।
রক্ষণভাগে ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন নিকোলাস তালিয়াফিকো। তার প্রত্যাবর্তনের ফলে ফাকুন্দো মেদিনা আজ বেঞ্চে থাকছেন। সর্বশেষ ম্যাচে খেলার সময় পেশিতে চোট পাওয়ায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
আক্রমণভাগেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রথম চার ম্যাচে নিয়মিত শুরুর একাদশে থাকা লাওতারো মার্টিনেজের পরিবর্তে আজ সুযোগ পাচ্ছেন হুলিয়ান আলভারেজ। জর্ডানের বিপক্ষে টাইব্রেকারে গোল করলেও শেষ ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি লাওতারো। অন্যদিকে গোড়ালির চোট কাটিয়ে দলে ফিরে সরাসরি প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন আলভারেজ।
মাঝমাঠেও পরিবর্তন এনেছেন স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে মিডফিল্ডে ছন্দের ঘাটতি থাকায় আজ শুরু থেকেই খেলবেন লিয়ান্দ্রো পারেদেস। আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স করায় তাকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার জায়গা ছাড়তে হয়েছে থিয়াগো আলমাদাকে।
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।














মন্তব্যসমূহ