ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে ডিএমপির নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন নির্বিঘ্ন রাখতে জাতীয় সংসদ ভবন ও আশপাশের নির্দিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ৮ নভেম্বর রাত ১২টা থেকে কার্যকর হতে যাওয়া এ নিষেধাজ্ঞা সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে। অধিবেশন চলাকালে সংসদ ভবন ও সংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় দেওয়া ক্ষমতা প্রয়োগ করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত অংশ। এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকা এর অন্তর্ভুক্ত।এ ছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং এবং ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকায় এ বিধিনিষেধ কার্যকর হবে। জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং উল্লিখিত সীমানার ভেতরের সব রাস্তা ও গলিপথও এর আওতাভুক্ত।গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় এসব এলাকায় কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক কিংবা দূষণীয় পদার্থ বহন করা যাবে না। একই সঙ্গে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন বন্ধ থাকবে।

সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে ডিএমপির নিষেধাজ্ঞা