যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকি অব্যাহত থাকলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান জানান। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মিডল ইস্ট আই। একই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও ইকোনমিক টাইমস।
আরাগচি বলেন, গ্র্যান্ড আয়াতুল্লাহ খামেনি ও তার আদর্শের প্রতি সম্মান জানাতে ইরানের লাখো মানুষ ঐক্যবদ্ধভাবে সমবেত হয়েছে। ইরানের সাধারণ জনগণ কিংবা সাহসী সশস্ত্র বাহিনী, কেউই আমেরিকার হুমকিতে প্রভাবিত হবে না।
সম্প্রতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সমঝোতার ১৩ নম্বর অনুচ্ছেদে বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র হুমকি দেওয়া বন্ধ না করলে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় আলোচনা শুরু হবে না।
মার্কিন প্রশাসনকে উদ্দেশ করে আরাগচি বলেন, নিজেদের স্বাক্ষরের মর্যাদা রাখুন। তার বক্তব্যে স্পষ্ট হয়, ইরান আলোচনার আগে হুমকিমুক্ত পরিবেশকে শর্ত হিসেবে দেখছে।
পর্যবেক্ষকদের মতে, আরাগচির এই বক্তব্য তেহরান-ওয়াশিংটন সম্পর্কের নতুন টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। সমঝোতা স্মারক সইয়ের পরও দুই পক্ষের মধ্যে আস্থার সংকট কাটেনি। ফলে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
মন্তব্যসমূহ