গাজা উপত্যকার নিজস্ব প্রশাসনিক কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। এই সিদ্ধান্তের মাধ্যমে গাজায় বিকল্প প্রশাসন বা অন্তর্বর্তীকালীন শাসনব্যবস্থার পথ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।
হামাসের বিবৃতিতে বলা হয়েছে, গাজা প্রশাসনের দায়িত্ব ‘গাজা প্রশাসন বিষয়ক জাতীয় কমিটি’র হাতে তুলে দেওয়ার পরিবেশ তৈরি করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় দুই দশক আগে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বেসামরিক প্রশাসনিক কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করছিল হামাস।
ইসরাইলি হামলা ও দীর্ঘ যুদ্ধ পরিস্থিতির কারণে গাজায় প্রশাসনিক সংকট আরও গভীর হয়েছে। এই প্রেক্ষাপটে নতুন জাতীয় কমিটির মূল লক্ষ্য হবে উপত্যকার দৈনন্দিন প্রশাসন, নাগরিক সেবা ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনায় শূন্যতা কমিয়ে আনা।
গাজাবাসীর মধ্যে হামাসের এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, বর্তমান মানবিক ও প্রশাসনিক সংকট মোকাবিলায় শুধু এই সিদ্ধান্ত যথেষ্ট নয়। তবে অনেকের মতে, ফিলিস্তিনি পক্ষগুলোকে আরও ঐক্যবদ্ধ করার পথে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে হামাস রাজনৈতিক নমনীয়তার বার্তা দিচ্ছে। তাদের মতে, নতুন জাতীয় কমিটিকে কাজ করার সুযোগ দিতে এবং প্রশাসনিক রূপান্তরকে তুলনামূলকভাবে সুশৃঙ্খল করতে হামাস মাঠপর্যায়ের দায়িত্ব থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
তবে নতুন কমিটি কবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে, কীভাবে প্রশাসনিক কাঠামো পরিচালিত হবে এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এসব বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে ইসরাইলের অবস্থান, সীমান্ত নিয়ন্ত্রণ, পুনর্গঠন কার্যক্রম এবং বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর ভূমিকা এই প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।
বিশ্লেষকদের মতে, হামাসের ঘোষণা বাস্তবায়িত হলে গাজার রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে এই পরিবর্তন কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে ফিলিস্তিনি পক্ষগুলোর ঐক্য, আন্তর্জাতিক সহায়তা এবং মাঠপর্যায়ের নিরাপত্তা পরিস্থিতির ওপর।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ