স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশকে নিজেদের প্রভাববলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর দাবি, বাংলাদেশকে স্থায়ীভাবে আধিপত্যের অধীনে রেখে করদ রাজ্যে পরিণত করার প্রচেষ্টা কখনো থামেনি। বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের অন্যতম নেতা কমরেড মোহাম্মদ তোয়াহা অনেক আগেই এই পরিস্থিতি উপলব্ধি করেছিলেন বলে মন্তব্য করেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। বাংলাদেশ সাম্যবাদী দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
রিজভী বলেন, কমরেড তোয়াহা এবং তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছিলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই সংগ্রামের শিক্ষা এখনো গুরুত্বপূর্ণ।
কমরেড তোয়াহার রাজনৈতিক জীবন স্মরণ করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ভাষা আন্দোলনের নেতা গোলাম আরিফ টিপু এবং বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কাছ থেকে তিনি তোয়াহার রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে অনেক গল্প শুনেছেন।
রিজভী জানান, তাঁরা কমরেড তোয়াহার কয়েক বছরের জুনিয়র ছিলেন। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রভাবশালী নেতা হিসেবে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান উভয় অংশেই তোয়াহার ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা ছিল।
বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠায় কমরেড তোয়াহার ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ১৯৪৮ সালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সামনে দাঁড়িয়ে বাংলা ভাষার পক্ষে প্রতিবাদ জানানো ছিল অত্যন্ত সাহসী পদক্ষেপ।
তাঁর মতে, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই রাষ্ট্রটির প্রতিষ্ঠাতার সামনে প্রকাশ্যে প্রতিবাদ করার মতো সাহস সবার ছিল না। কিন্তু কমরেড তোয়াহা সেই সাহস দেখিয়েছিলেন।
কমরেড তোয়াহার ব্যক্তিগত ত্যাগের কথাও স্মরণ করেন রুহুল কবির রিজভী। তিনি জানান, লক্ষ্মীপুরের রামগতি এলাকায় তোয়াহার পরিবারের উল্লেখযোগ্য পরিমাণ জমিজমা ছিল বলে তিনি শুনেছেন। কিন্তু কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়েছিলেন এই বামপন্থি নেতা।
রিজভী বলেন, পুরান ঢাকা কিংবা গোপীবাগ এলাকায় কমরেড তোয়াহার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তাঁর সাধারণ জীবনযাপন ও আত্মত্যাগের পরিচয় পেয়েছিলেন। রাজনৈতিক বিশ্বাস ও আদর্শের প্রশ্নে তিনি ছিলেন অবিচল।
ছাত্ররাজনীতির সময়কার একটি স্মৃতিচারণা করে রিজভী জানান, একবার কয়েকজন ছাত্রনেতাকে নিয়ে তিনি কমরেড তোয়াহার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত, এটি জানার পরও তোয়াহা তাঁদের স্নেহ ও আশীর্বাদ করেছিলেন।
বিএনপির এই নেতা বলেন, কমরেড তোয়াহার কথাবার্তা ও বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ থেকে তাঁর গভীর রাজনৈতিক জ্ঞান সম্পর্কে ধারণা পাওয়া যেত। সমাজ ও রাষ্ট্রের নানা বিষয় নিয়ে তাঁর বিশ্লেষণ ছিল অসাধারণ।
রিজভী আরও জানান, প্রবীণদের কাছ থেকে তিনি শুনেছেন, কমরেড তোয়াহার পবিত্র কোরআনের উল্লেখযোগ্য অংশ মুখস্থ ছিল।
দেশের বামপন্থি রাজনীতির ইতিহাস তুলে ধরে রিজভী বলেন, একসময় বাংলাদেশে মৌলিক রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তাত্ত্বিক ও দর্শনগত মতপার্থক্যের কারণে বামপন্থি নেতাদের মধ্যে বিভক্তি দেখা দেয়।
তিনি বলেন, অর্থনীতিতে স্বর্ণপদক পাওয়া হক সাহেব, কমরেড তোয়াহা এবং অন্যান্য নিবেদিতপ্রাণ নেতারা ঐক্যবদ্ধ থাকতে পারলে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি অন্য রকম হতে পারত।
সাম্রাজ্যবাদ ও আধিপত্যবিরোধী রাজনীতির প্রসঙ্গে রিজভী বলেন, একসময় এসব শক্তির বিরুদ্ধে যে স্লোগান দেওয়া হয়েছিল, তার তাৎপর্য এখনো শেষ হয়ে যায়নি।
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নেওয়ার শিক্ষা তিনি সাম্যবাদী দলের প্রকাশনা এবং ন্যাপ নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর বক্তব্য ও লেখালেখি থেকে পেয়েছেন বলে জানান।
কমরেড তোয়াহার রাজনৈতিক জীবনে নির্যাতন ও কারাবরণের ঘটনাও স্মরণ করেন রিজভী। তিনি বলেন, তোয়াহা রক্ষীবাহিনীর নির্যাতনের শিকার হয়েছিলেন এবং দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন।
১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালের জাতীয় সংসদে সদস্য হিসেবে বক্তব্য দিয়েছিলেন কমরেড তোয়াহা।
রিজভী বলেন, সে সময় টেলিভিশনের প্রচলন সীমিত থাকায় সংবাদপত্রে প্রকাশিত সংসদীয় বক্তব্য পড়ে তাঁরা কমরেড তোয়াহার রাজনৈতিক অবস্থান ও চিন্তাধারা সম্পর্কে জানতেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, বাংলাদেশে প্রভাব বিস্তারের জন্য প্রতিবেশী দেশের পক্ষ থেকে এখনো বিভিন্ন কৌশল ব্যবহার করা হচ্ছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে বাংলাদেশে ফিরে আসার কথা জানিয়েছেন। অন্যদিকে তাঁর অনুসারীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ উঠছে।
রিজভীর দাবি, প্রতিবেশী দেশের নীতিনির্ধারকেরা প্রকাশ্যে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বললেও আড়ালে ভিন্ন কৌশলে উসকানি দেওয়া হচ্ছে।
তিনি অভিযোগ করেন, চাণক্যনীতির মাধ্যমে বাংলাদেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা চলছে।
স্বাধীনতার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করে রিজভী বলেন, কমরেড তোয়াহা ও তাঁর সহযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। কিন্তু ১৯৭২ সাল থেকেই তাঁরা উপলব্ধি করতে শুরু করেন, পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পরও দিল্লি বাংলাদেশকে নিজেদের প্রভাববলয়ের মধ্যে রাখতে চাইছে।
এই উপলব্ধি থেকেই কমরেড তোয়াহারা আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি।
মাওলানা ভাসানী ও কমরেড তোয়াহার রাজনৈতিক চিন্তায় মতপার্থক্য থাকলেও তাঁদের দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন ছিল না বলে মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, এসব নেতা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বাতন্ত্র্য রক্ষার জন্য সংগ্রাম করেছেন। তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড, বক্তব্য, আদর্শ ও আত্মত্যাগ এখনো নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে।
পূর্বসূরিদের রাজনৈতিক শিক্ষা অনুসরণ করলে দেশের স্বার্থের পক্ষে ও বিপক্ষে থাকা শক্তিগুলোকে চিহ্নিত করা সহজ হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। একই সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আরও দৃঢ় অবস্থান নেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভা পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক খান মো. নূরে আলম।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ