অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে (ইসি) আরও দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, ভোটকেন্দ্রে জনগণের দেওয়া ভোটের হিসাবের সঙ্গে ঘোষিত ফলাফলের পার্থক্য দেখা যায় অনেক ক্ষেত্রে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কাদের সিদ্দিকী বলেন, ভোটগ্রহণের পর ফলাফল প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ভোটাররা যে রায় দেন, ঘোষিত ফলাফলে যেন তার সঠিক প্রতিফলন ঘটে, সে বিষয়ে কমিশনকে কঠোর অবস্থান নিতে হবে।
নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ নিয়েও আপত্তি জানান তিনি। তাঁর মতে, বর্তমানে নির্বাচনে অংশ নিতে যে পরিমাণ জামানত নির্ধারণ করা হয়েছে, তা অনেক বেশি। জামানত এক হাজার টাকা নির্ধারণ করলেও বড় কোনো সমস্যা হতো না। বিষয়টি নির্বাচন কমিশনের পুনর্বিবেচনা করা প্রয়োজন।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদ থাকলেই একজন মানুষ প্রকৃত জ্ঞানী কিংবা নৈতিকতাসম্পন্ন হয়ে ওঠেন না। গ্রামের স্বল্পশিক্ষিত বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত মানুষের মধ্যেও অনেক সময় উচ্চশিক্ষিত ব্যক্তিদের তুলনায় বেশি জ্ঞান, আদর্শ ও মানবিক গুণাবলি থাকতে পারে।
তিনি বলেন, বিএ বা এমএ ডিগ্রি অর্জন করলেই প্রকৃত শিক্ষা ও নৈতিকতা নিশ্চিত হয় না। দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় মানবিক মূল্যবোধের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে স্কুল-কলেজের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি।
তাঁর মতে, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে মানুষের নৈতিকতা, মানবিক গুণাবলি, জ্ঞান ও ব্যক্তিগত সততাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। একজন উচ্চশিক্ষিত নাগরিক এবং গ্রামের স্বল্পশিক্ষিত মানুষের নাগরিক অধিকার সমান। তাই শুধু শিক্ষাগত সনদের ভিত্তিতে কাউকে বেশি যোগ্য মনে করা ঠিক নয়।
নির্বাচন কমিশনকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী ১৯৯৯ সালের একটি উপনির্বাচনের প্রসঙ্গ তুলে ধরেন।
তিনি অভিযোগ করেন, ওই নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব বিস্তার করেছিলেন। সে সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আবু হেনা। ভোট কারচুপির অভিযোগ ওঠায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি এবং দীর্ঘদিন বিষয়টি ঝুলে ছিল বলে উল্লেখ করেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনে জনগণ যে ভোট দেন, তার যথাযথ প্রতিফলন নিশ্চিত করা কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব। ভোটের বাক্সের হিসাব ও ঘোষিত ফলাফলে কোনো ধরনের অসংগতি যেন না থাকে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, এ দেশের জন্মের সঙ্গে নির্বাচনের গভীর সম্পর্ক রয়েছে। ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানি শাসকগোষ্ঠী জনগণের রায় মেনে নিলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস ভিন্ন হতে পারত।
ভোটের অধিকার ও নির্বাচনের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে নির্বাচন কমিশনকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
নির্বাচনে প্রার্থীদের ব্যয় কমানোর বিষয়েও কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, ভোটার তালিকা ও সিডি প্রিন্ট করার খরচ বহন করা অনেক প্রার্থীর জন্য কঠিন হয়ে পড়ে।
নির্বাচন কমিশন চাইলে প্রার্থীদের জন্য ভোটার তালিকা ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে। এতে বিশেষ করে সীমিত আর্থিক সামর্থ্যের প্রার্থীরা উপকৃত হবেন বলে মনে করেন তিনি।
সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন কমিশনের সংলাপ আয়োজনের উদ্যোগেরও প্রশংসা করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি।
তিনি বলেন, দেশ কেবল রাজনৈতিক দলগুলোর নয়, দেশের প্রত্যেক নাগরিকের। তাই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও সরকারকে সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
রাজনীতিতে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্ব দিয়ে কাদের সিদ্দিকী বলেন, ক্ষমতায় গেলে সবার আগে বিরোধী মতের মানুষের প্রতি সম্মান দেখাতে হবে। তাঁদের জীবন, মানসম্মান, সম্পদ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শুধু রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারও জীবন কিংবা সম্পদের ওপর আঘাত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ করার আহ্বান জানান কাদের সিদ্দিকী।
তিনি বলেন, অনেক সময় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েও প্রতিকার পাওয়া যায় না। সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে সহজে কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অভিযোগের দ্রুত সাড়া ও সমাধান পান, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
কাদের সিদ্দিকী আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশনের এই সংলাপ উদ্যোগ সফল হলে দেশের অনেক সমস্যার সমাধানের পথ তৈরি হবে। প্রয়োজন হলে কমিশনের কাজে সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।














মন্তব্যসমূহ