আগামী সোমবার (৩০ নভেম্বর) দেশের সব উপজেলা ও থানা পর্যায়ে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট শাখাগুলোর নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে দলটি।
রোববার (২৯ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার জানান, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হবে।
পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, অরাজকতা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি সংশ্লিষ্ট উপজেলা/থানা শাখা জামায়াতের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসী সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।’
তিনি জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার দেশের সব উপজেলা ও থানা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে।
এ কর্মসূচি সফল করতে দলের সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও চেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।














মন্তব্যসমূহ