রাস্তা নির্মাণ ও উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম কিংবা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না বলে সতর্ক করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, সরকারি নির্দেশনা মেনে মানসম্মত কাজ সম্পন্ন করলে সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে নিম্নমানের কাজের প্রমাণ পাওয়া গেলে ঠিকাদারদের লাইসেন্স বাতিল করা হবে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় একটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, রাস্তার উন্নয়নকাজ অবশ্যই নির্ধারিত নিয়ম ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। যাঁরা দায়িত্বশীলতার সঙ্গে ভালো কাজ করবেন, তাঁদের পুরস্কৃত করা হবে। কিন্তু যাঁরা নিম্নমানের কাজ করবেন, তাঁদের লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন আফরোজা খানম রিতা। তিনি জানান, ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে আগামী দিনে বিএনপি আরও কঠোর অবস্থান নেবে।
শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা দুঃশাসন, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। এসব প্রতিকূলতা মোকাবিলা করেই দলটি সরকার গঠন করতে সক্ষম হয়েছে।
বিএনপির বর্তমান অবস্থানের পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘গুপ্ত বলেন আর ফ্যাসিস্ট বলেন, কেউ এসে দেশকে নষ্ট করবে কিংবা দেশের মানুষের ক্ষতি করবে, তা মেনে নেওয়া হবে না।’
তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষও এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি জনগণও এ বিষয়ে সচেতন রয়েছে।
আফরোজা খানম রিতা জানান, দেশে নতুন করে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সুযোগ তৈরি হতে দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।
সড়কের উন্নয়নকাজ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন।
এ ছাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম এবং বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুজনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।














মন্তব্যসমূহ