দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আগামী ২৯ ও ৩০ নভেম্বর রাজধানীসহ সারা দেশে বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক ইউনিটে সমাবেশ ও মিছিল করবে সংগঠনটি।
বুধবার (২৫ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী রোববার (২৯ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে সমাবেশ ও মিছিল করবে।
একই দিনে দেশের সব জেলা ও মহানগর যুবদলও নিজ নিজ সাংগঠনিক এলাকায় একই কর্মসূচি পালন করবে।
এর পরদিন সোমবার (৩০ নভেম্বর) উপজেলা, থানা ও পৌরসভা পর্যায়ের যুবদল ইউনিটগুলো সমাবেশ ও মিছিলের আয়োজন করবে।
ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলোর প্রতি নির্দেশনা দিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।














মন্তব্যসমূহ