বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন নিয়ে ৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র ১৯ দিন বাকি। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হলেও নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনায় বসেনি দুই দেশ। এমন পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন বা সংশোধিত চুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
এর মধ্যেই ২০২৬ সালে গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করেছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটি। রোববার (২২ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়। আগামী ৩১ জানুয়ারির মধ্যে তা দুই দেশের সরকারের কাছে পাঠানোর কথা রয়েছে।
জেআরসির সদস্য ড. মো. আনোয়ার কাদির জানিয়েছেন, গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদনটি বাংলাদেশ ও ভারতের সরকারের কাছে পাঠানো হবে।
তবে এই বৈঠকে চুক্তির ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ যৌথ কমিটির কাজ মূলত পানির প্রবাহ পর্যবেক্ষণ, বণ্টনের তথ্য পর্যালোচনা এবং চুক্তি বাস্তবায়নের প্রতিবেদন তৈরি করা। নতুন চুক্তি করা কিংবা পুরোনো চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই কমিটির নেই।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ৩০ বছর মেয়াদি এই চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজে গঙ্গার পানি দুই দেশের মধ্যে ভাগ করা হয়। একই সঙ্গে বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টেও পানিপ্রবাহ পর্যবেক্ষণ করা হয়।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে আলোচনা শুরু করতে ভারতকে একাধিকবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। গত জুনে এ বিষয়ে একটি কারিগরি কমিটি গঠন করা হয়। আগস্টেও ভারতকে অনুরূপ কমিটি গঠন ও আলোচনার উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়।
বাংলাদেশের কারিগরি কমিটির প্রধান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা। এখন ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক উদ্যোগের অপেক্ষা চলছে।
এদিকে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কূটনৈতিক মাধ্যমে ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। বাংলাদেশের লক্ষ্য, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আলোচনা শুরু করে ভবিষ্যতের পানিবণ্টন ব্যবস্থা নিয়ে সমঝোতায় পৌঁছানো।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত ব্যবস্থা। ভারতের স্বার্থ রক্ষার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার বিষয়ে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ।
তবে নতুন চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা কবে শুরু হতে পারে, সে বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।
বাংলাদেশ এবার শুধু বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়াতে চায় না। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলেও নির্ধারিত হিস্যা পাওয়ার নিশ্চয়তা চায় ঢাকা। এ জন্য ১৯৭৭ সালের গঙ্গা চুক্তির নিশ্চয়তামূলক ধারা নতুন ব্যবস্থায় ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, নতুন চুক্তিতে এই নিশ্চয়তা অন্তর্ভুক্ত করা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।
১৯৭৭ সালের চুক্তিতে এমন বিধান ছিল, ফারাক্কায় পানির প্রবাহ কমে গেলে কোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার ৮০ শতাংশের কম পানি দেওয়া যাবে না।
অন্যদিকে ১৯৯৬ সালের চুক্তিতে ফারাক্কায় পানিপ্রবাহের পরিমাণ অনুযায়ী তিন ধরনের বণ্টন ব্যবস্থা রাখা হয়েছে।
প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে বাংলাদেশ ও ভারত সমান পানি পাবে। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশের হিস্যা ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট অংশ ভারতের।
আর প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত ৪০ হাজার কিউসেক পাবে। বাকি পানি বরাদ্দ থাকবে বাংলাদেশের জন্য।
এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি করে পালাক্রমিক ১০ দিনের মেয়াদে উভয় দেশের ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার বিশেষ বিধান রয়েছে। তবে পানিপ্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নামলে দুই দেশের সরকারকে জরুরি আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা নিতে হবে।
যৌথ নদী কমিশন, বাংলাদেশ
নতুন চুক্তি নিয়ে আলোচনায় ভারতের অভ্যন্তরীণ পানির চাহিদাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী-হুগলি নদীতে নৌ চলাচল ও বন্দর সচল রাখা এবং বিহারের পানীয় জল ও শিল্পের পানির চাহিদা ভারতের অবস্থানকে প্রভাবিত করতে পারে।
এসব বিষয় বিবেচনায় ২০২৩ সালে ভারতের কেন্দ্রীয় সরকার চুক্তি পর্যালোচনার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে। সেখানে সংশ্লিষ্ট রাজ্যগুলোর প্রতিনিধিদেরও যুক্ত করা হয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও গঙ্গাই একমাত্র নদী, যার পানিবণ্টনে কার্যকর দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে। তিস্তার পানি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন আলোচনা চললেও এখনো কোনো চুক্তি হয়নি।
বাংলাদেশের জন্য গঙ্গার পানির গুরুত্ব শুধু নদীর প্রবাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। কৃষি, মৎস্য, নৌপরিবহন, জীববৈচিত্র্য এবং সুন্দরবনের পরিবেশের সঙ্গেও এই পানির সম্পর্ক রয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে প্রবাহ কমে গেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বাড়ার পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মরিশাসে নবম ভারত মহাসাগর সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন বা সংশোধিত ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তিনি আগামী ২৫ থেকে ৫০ বছরের সম্পর্ক বিবেচনায় মানুষের মৌলিক চাহিদা ও জনআস্থা নিশ্চিত করতে সক্ষম দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন।
এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত আনুষ্ঠানিক আলোচনায় বসবে কি না। আর আলোচনা শুরু হলেও শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়ে দুই দেশ কতটা একমত হতে পারবে, সেটিই হবে মূল চ্যালেঞ্জ।














মন্তব্যসমূহ