যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কোনি আইল্যান্ড এলাকায় গোলাগুলির ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
নিউইয়র্ক পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার পর একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, আহতদের বয়স ৬ থেকে ৩৭ বছরের মধ্যে। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল। তবে বুকে গুলিবিদ্ধ ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা গুরুতর।
আহত শিশুদের মধ্যে ৬ বছর বয়সী এক শিশুর পেটে গুলি লেগেছে। এ ছাড়া ৭ বছর বয়সী এক শিশুর দুই পায়ে, ১২ বছর বয়সী এক শিশুর পায়ে এবং ১৪ বছর বয়সী এক কিশোরের উরুতে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। সন্দেহভাজনদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, কোনি আইল্যান্ড থেকে কিছু দূরে নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ ঘিরে বাড়তি নজরদারি রয়েছে। সেখানে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: এনবিসি নিউজ
মন্তব্যসমূহ