বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার এই লড়াই ঘিরে মেক্সিকো সিটিতে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।
নকআউট পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। মাঠে স্বাগতিক সমর্থকদের ব্যাপক উপস্থিতির পাশাপাশি স্টেডিয়ামের বাইরেও ম্যাচ ঘিরে বিপুল জনসমাগমের আশঙ্কা করা হচ্ছে।
ম্যাচের আগে মেক্সিকো সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাস নিজেদের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাচ উপলক্ষে রাজধানীসহ দেশটির বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হতে পারে। এসব স্থানে অতিরিক্ত ভিড় তৈরি হলে নিরাপত্তা ঝুঁকি দেখা দিতে পারে।
দূতাবাস আরও সতর্ক করে জানায়, বড় পর্দায় খেলা দেখার আয়োজনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে অতিরিক্ত ভিড়ের কারণে হতাহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া ম্যাচ ঘিরে সম্ভাব্য বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচির বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
মেক্সিকোর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। দর্শক ও নাগরিকদের আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং জনসমাগমস্থলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে রাউন্ড ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে স্বাগতিক মেক্সিকো। ওই জয়ের পর মেক্সিকো সিটিতে উদযাপনের সময় পদদলিত হয়ে তিনজনের মৃত্যু হয়। সেই ঘটনার পর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ঘিরে নিরাপত্তা সতর্কতা আরও জোরালো হয়েছে।
মন্তব্যসমূহ