ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মঞ্জিল পরিবহণের একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় কেউ হতাহত হননি বলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
গতকাল শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামগামী লেনের সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে হঠাৎ চলন্ত মঞ্জিল পরিবহণের বাসটিতে আগুন ধরে যায়। বাসে যাত্রী কম থাকায় সবাই দ্রুত নেমে পড়েন এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুনের কারণ নিয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভিন্ন তথ্য পাওয়া গেছে। শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, তাঁদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং গাড়ির চালকের সঙ্গে কথা বলে তাঁরা জেনেছেন যে দুজন মানুষ যাত্রীবেশে বাসে ওঠার কিছুক্ষণ পরই আগুন দিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া বাসে আর কোনো যাত্রী ছিল না বলেও চালক জানিয়েছেন।
অন্যদিকে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, গাড়িতে মাত্র দুজন যাত্রী ছিলেন এবং আগুন ধরার সঙ্গে সঙ্গে তাঁরা নেমে পড়েছেন বলে তিনি জেনেছেন; তবে অন্য কোনো কারণ নয়, যান্ত্রিক ত্রুটি থেকেই বাসটিতে আগুন ধরেছে।














মন্তব্যসমূহ