রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর বাংলাদেশের শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। শুক্রবার উখিয়ার রোহিঙ্গা শিবিরে গিয়ে তিনি বলেছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথ শুরু হয়েছে। একই সঙ্গে আদালতের বাধ্যতামূলক সিদ্ধান্ত মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজের প্রতিবেদন অনুযায়ী, রোহিঙ্গাদের সামনে দেওয়া বক্তব্যে খলিলুর রহমান বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অবস্থান না করে ঐতিহাসিক এই সময়ে সরাসরি শরণার্থী শিবিরে এসে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন মনে করেছেন তিনি। এর আগে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
বৃহস্পতিবার গাম্বিয়ার করা মামলায় জাতিসংঘের সর্বোচ্চ আদালত রায় দেন। এতে বলা হয়, ২০১৭ সালে উত্তর রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর কথিত ‘নিরাপত্তা অভিযান’ চলাকালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। গণহত্যা সনদের অধীনে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় মিয়ানমারকে দায়ী করেন আদালত।
রায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানে রোহিঙ্গাদের ওপর গুলিবর্ষণ, ছুরিকাঘাত ও অগ্নিসংযোগের মতো সহিংসতার বিবরণ তুলে ধরা হয়। এ ছাড়া ব্যাপক ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণসহ বিভিন্ন ধরনের যৌন সহিংসতা, মারধর এবং শরীরের অঙ্গ বিকৃত করার মতো নির্যাতনের ঘটনাও উল্লেখ করা হয়েছে।
শিবিরে বক্তব্য দেওয়ার সময় খলিলুর রহমান বলেন, হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে তাদের বহু প্রজন্মের সম্পর্কের বিষয়টিও স্বীকার করেছে। তাঁর ভাষ্য, কোনো রায়ই নিহতদের ফিরিয়ে আনতে কিংবা সব ক্ষত সারিয়ে তুলতে পারে না। তবে সত্যের স্বীকৃতির মধ্য দিয়েই ন্যায়বিচারের সূচনা হয়।
মিয়ানমারের রাজধানী নেপিদোর প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, আইসিজের সিদ্ধান্ত চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। মামলায় মিয়ানমার নিজেদের বক্তব্য ও প্রমাণ উপস্থাপনের পূর্ণ সুযোগ পেয়েছে। ফলে রায় মেনে চলা তাদের জন্য ঐচ্ছিক বিষয় নয়; এটি বাস্তবায়ন করতে হবে।
রায় কার্যকর করার ক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।
প্রথমত, গণহত্যাসংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার যৌক্তিক সন্দেহ রয়েছে—এমন ব্যক্তিদের দ্রুত তদন্তের মাধ্যমে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদ্যমান আইনের সীমাবদ্ধতা দূর করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে।
দ্বিতীয়ত, রোহিঙ্গাদের প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী। কোনো ব্যক্তিকে জোর করে কিংবা বিপদের মধ্যে ফেলে দেশে ফেরত পাঠানো যাবে না। প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, বৈষম্য থেকে মুক্তি এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে বিশেষ করে নারী ও তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন।
তৃতীয়ত, রোহিঙ্গা ব্যক্তি ও জনগোষ্ঠীর আর্থিক এবং অন্যান্য ক্ষতির ক্ষতিপূরণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দুই বছরের মধ্যে আদালতকে জানাতে হবে মিয়ানমারকে।
চতুর্থত, ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং তাদের ওপর কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।
রায় অমান্য করার পরিণতি সম্পর্কেও সতর্ক করেন খলিলুর রহমান। তিনি জানান, জাতিসংঘ সনদের ৯৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো রাষ্ট্র আদালতের রায় বাস্তবায়ন না করলে বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপনের সুযোগ রয়েছে। তবে রোহিঙ্গাদের নিরাপদে ফেরার উপযোগী পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত শরণার্থী শিবিরে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আশ্রয়ের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ সময় নির্যাতন থেকে বেঁচে যাওয়া ব্যক্তি ও নারী সাক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান খলিলুর রহমান। মামলাটি পরিচালনায় গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং এতে অংশ নেওয়া ১১টি দেশের ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি উখিয়া ও টেকনাফের স্থানীয় বাংলাদেশিদের সহযোগিতার কথাও উল্লেখ করেন।
খলিলুর রহমান বলেন, ১৯৪৮ সালের গণহত্যা সনদ এই প্রথম রোহিঙ্গাদের পক্ষে কাজ করেছে। ১৯ নভেম্বরকে তিনি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথ শুরুর দিন হিসেবে দেখছেন। জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে রোহিঙ্গাদের পরিস্থিতি তুলে ধরার প্রতিশ্রুতিও দেন তিনি।
অন্যদিকে, রায়ে আইসিজে জানিয়েছে, বেসরকারি ব্যক্তিদের গণহত্যায় উসকানি দেওয়ার বিষয়ে মিয়ানমারের বিরুদ্ধে সরাসরি ও প্রকাশ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ২০২০ সালের ২৩ জানুয়ারি আদালতের দেওয়া অন্তর্বর্তী নির্দেশনা অনুযায়ী প্রমাণ সংরক্ষণ এবং সেগুলো নষ্ট হওয়া ঠেকানোর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে দেশটি।
এসব বিবেচনায় চলমান সব লঙ্ঘন বন্ধ করা, গণহত্যায় অভিযুক্ত ব্যক্তিদের তদন্ত ও বিচার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত।
সূত্র: এএনআই নিউজ।














মন্তব্যসমূহ