মৃত্যুদণ্ড অনুমোদন বা ডেথ রেফারেন্স মামলার দীর্ঘদিনের জট কমাতে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। অল্প সময়ের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩৮টি মামলার রায় ঘোষণা করেছেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এই বেঞ্চ। উচ্চ আদালতে এ ধরনের মামলার নিষ্পত্তি ত্বরান্বিত করতে আরও বিশেষ বেঞ্চ গঠনের প্রত্যাশা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
গত ১০ জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন এবং আপিল শুনানির জন্য বিশেষ বেঞ্চটি গঠন করেন। গত ১৭ নভেম্বর পর্যন্ত বেঞ্চটি মোট ৩৮টি মামলার রায় ঘোষণা করেছেন। বিচারিক কার্যক্রমের এই অগ্রগতিকে ডেথ রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বিশেষ বেঞ্চটির উল্লেখযোগ্য রায়গুলোর মধ্যে রয়েছে ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলা। গত ২৪ আগস্ট দেওয়া রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। একই মামলায় চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ১০ আসামিকে খালাস দেওয়া হয়।
এ ছাড়া মাগুরার আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে গত ৩১ আগস্ট রায় দেন হাইকোর্ট। সর্বশেষ গত ১৭ নভেম্বর রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। একই রায়ে তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়।
হাইকোর্টে বিচারাধীন ১ হাজার ৩০১ মামলা
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মৃত্যুদণ্ড অনুমোদনের অপেক্ষায় থাকা ডেথ রেফারেন্স মামলার সংখ্যা ১ হাজার ৩০১টি। অথচ গত ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাসে নিষ্পত্তি হয়েছে মাত্র ১০টি মামলা।
সুপ্রিম কোর্টের আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, পর্যায়ক্রমে শুনানির ধারাবাহিকতায় বর্তমানে হাইকোর্টে ২০১৯-২০ সালে নথিভুক্ত হওয়া ডেথ রেফারেন্স মামলাগুলোর শুনানি চলছে।
গত ২৪ অক্টোবর প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টের ৫৭টি বেঞ্চ গঠন করে দেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের তথ্য অনুযায়ী, বর্তমানে পাঁচটি বেঞ্চে ডেথ রেফারেন্স মামলার বিচারিক কার্যক্রম চলছে। এর মধ্যে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের বিশেষ বেঞ্চে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি হচ্ছে।
কেন দীর্ঘ হচ্ছে মামলা নিষ্পত্তি
ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে বিলম্বের অন্যতম কারণ হিসেবে পেপারবুক তৈরিতে দীর্ঘ সময় লাগা এবং মামলার তুলনায় শুনানির বেঞ্চের সংখ্যা কম থাকার বিষয়টি তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
তাঁর মতে, দীর্ঘসূত্রতার কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অনেক আসামিকে বছরের পর বছর কারাগারের কনডেম সেলে থাকতে হয়। অথচ পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ে তাঁদের কেউ কেউ খালাসও পেয়ে যান। দ্রুত মামলা নিষ্পত্তি হলে এসব আসামিকে দীর্ঘদিনের অনাকাঙ্ক্ষিত বন্দিজীবন থেকে মুক্তি পাওয়ার সুযোগ তৈরি হতো।
ডেথ রেফারেন্স ও পেপারবুক কী
ফৌজদারি বিচারব্যবস্থায় কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সেই সাজা কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কিংবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড ঘোষণা করলে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী মামলার প্রয়োজনীয় নথিপত্র হাইকোর্টে পাঠাতে হয়। উচ্চ আদালতে এ ধরনের মামলাই ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।
এসব মামলার শুনানির জন্য প্রস্তুত করা হয় পেপারবুক। এতে বিচারিক আদালতে মামলা দায়ের থেকে শুরু করে রায় ঘোষণা পর্যন্ত গুরুত্বপূর্ণ নথি সংকলিত থাকে। এজাহার, অভিযোগপত্র, অভিযোগ গঠন, আদেশ, সুরতহাল প্রতিবেদন, জব্দ তালিকা, ঘটনাস্থলের মানচিত্র, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদন এতে অন্তর্ভুক্ত থাকে।
পাশাপাশি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মৃত্যুকালীন ঘোষণা, রাষ্ট্র ও আসামিপক্ষের সাক্ষীদের জবানবন্দি ও জেরা, ৩৪২ ধারায় আসামির বক্তব্য, দালিলিক সাক্ষ্য, বিচারিক আদালতের পূর্ণাঙ্গ রায় এবং আপিল বা জেল আপিলের নথিও পেপারবুকে রাখা হয়। সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেসে এসব নথি ছাপানোর পর হাইকোর্টে শুনানির জন্য প্রস্তুত করা হয়।
দ্রুত নিষ্পত্তিতে আইনজীবী ও বিচারকদের ভূমিকার ওপর গুরুত্ব
ডেথ রেফারেন্স মামলার দীর্ঘসূত্রতা নিয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, পেপারবুক তৈরিতে সময় লাগলেও সব প্রস্তুতি শেষ হওয়ার পর শুনানির পর্যায়ে এসে মামলা নিষ্পত্তিতে বিলম্ব হওয়ার কথা নয়।
তাঁর মতে, দ্রুত বিচার নিশ্চিত করতে দণ্ডিত ব্যক্তির আইনজীবী ও রাষ্ট্রপক্ষ—উভয়কেই আগ্রহী হতে হবে। পাশাপাশি বিচারকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সম্প্রতি অল্প সময়ে নারী ও শিশু নির্যাতনের ৩৮টি ডেথ রেফারেন্স মামলার রায় ঘোষণা করে হাইকোর্টের একটি বেঞ্চ যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেটিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
নিম্ন আদালতে মৃত্যুদণ্ড দেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল। তাঁর ভাষ্য অনুযায়ী, কিছু বিচারকের মধ্যে গণহারে মৃত্যুদণ্ড দেওয়ার প্রবণতা দেখা গেছে। এর ফলে পরবর্তী সময়ে হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলার সংখ্যা বেড়ে যায় এবং বিচারাধীন মামলার জট আরও দীর্ঘ হয়।
উদাহরণ হিসেবে তিনি ফেনীর নুসরাত হত্যা মামলার কথা উল্লেখ করেন। ওই মামলায় ট্রাইব্যুনালের বিচারক ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। হাইকোর্ট ওই রায়কে ‘মাইন্ডলেস সেন্টেন্স’ হিসেবে উল্লেখ করেন। পরে ওই বিচারককে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
সেন্টেন্সিং গাইডলাইন প্রণয়নের প্রস্তাব
মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে বিচারিক বৈপরীত্য কমাতে সেন্টেন্সিং গাইডলাইন প্রণয়নের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, ‘কোন একটা হত্যাকাণ্ডের অপরাধে ‘হোলসেল ফাঁসির রায়’ যেন না হয়, সে জন্য ফৌজদারী মামলার বিচারে একটি সেন্টেন্সিং গাইডলাইন অবশ্যই থাকা দরকার। আমাদের কোন সেন্টেন্সিং গাইডলাইন নেই। সেন্টেন্সিং গাইডলাইন হলে বিচারিক বৈপরিত্ব দূর হবে এবং অনাকাঙ্ক্ষিত ডেথ রেফারেন্স মামলা জট কমবে।’
আইন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির ৩৭৫ থেকে ৩৭৯ ধারায় ডেথ রেফারেন্স শুনানির প্রক্রিয়া ও হাইকোর্টের ক্ষমতা নির্ধারণ করা হয়েছে। শুনানি শেষে উচ্চ আদালত নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখতে পারেন। চাইলে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড বা অন্য কোনো দণ্ড দিতে পারেন। এমনকি আসামিকে খালাস কিংবা মামলার পুনঃতদন্ত ও নতুন করে বিচারের নির্দেশও দিতে পারেন।
সুপ্রিম কোর্টের আইনজীবীদের প্রত্যাশা, বিশেষ বেঞ্চের মাধ্যমে দ্রুত মামলা নিষ্পত্তির এই উদ্যোগ অব্যাহত থাকলে উচ্চ আদালতে জমে থাকা ডেথ রেফারেন্স মামলার জট কমানো সম্ভব হবে।














মন্তব্যসমূহ