দেশের রাজনৈতিক পরিস্থিতি, সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নভেম্বরের শেষভাগ থেকে ডিসেম্বরজুড়ে এসব কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, বিজয় র্যালি এবং সামাজিক সেবামূলক কার্যক্রম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। তাঁর দাবি, সরকারের এই অবস্থানের কারণেই দেশের রাজনৈতিক অস্থিরতা ও সংকট তৈরি হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে দুর্নীতি ও বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল। সনদে স্বাক্ষরের পর গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে মত দিয়েছেন বলে দাবি করেন তিনি। কিন্তু ক্ষমতাসীন দল সেই জনমতকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর জোহরের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হবে।
এরপর ২৫ নভেম্বর ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরে একই দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ওই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে মানববন্ধন করবে দলের মহিলা বিভাগ।
২৬ নভেম্বর জেলা সদরগুলোতে এবং ৩০ নভেম্বর উপজেলা ও থানা সদরে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। এর আগে ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভার আয়োজন করবে দলটি।
ডিসেম্বরের কর্মসূচি শুরু হবে পোশাকশিল্পের চলমান অস্থিরতা ও সংকট নিরসন নিয়ে ২ ডিসেম্বরের আলোচনা সভার মাধ্যমে। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস এবং ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা এবং ১৩ ডিসেম্বর ব্যবসায়ী সম্মেলন করবে জামায়াত। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে দলটি।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভার আয়োজন করা হবে। পরদিন ১৬ ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে বিজয় র্যালি বের করবে জামায়াত।
পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া। ২০ ডিসেম্বর চিকিৎসক, ২১ ডিসেম্বর প্রকৌশলী এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বছরের শেষদিকে সামাজিক কার্যক্রমেও অংশ নেবে দলটি। ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম ও হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।














মন্তব্যসমূহ