এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে প্রশ্নপত্র তৈরি ও বিতরণব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। নতুন ব্যবস্থায় পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে সরাসরি প্রশ্নপত্র ছাপানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ পরিকল্পনার কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। তবে প্রশ্নফাঁসের চেষ্টা যে হয়নি, তা নয়। এ ধরনের অনিয়ম ঠেকাতে পুরো প্রশ্নপত্র ব্যবস্থাপনাই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, আগামী দিনে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র সরাসরি মুদ্রণের ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। লক্ষ্য হচ্ছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানো। এর মাধ্যমে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঝুঁকি কমানোর চেষ্টা করা হবে।
শিক্ষার মানোন্নয়নেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পড়াশোনা ও পরীক্ষা ব্যবস্থাপনায় কোনো ধরনের দুর্বলতা কিংবা অসাধুতা সহ্য করা হবে না।
পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়ম ও ভুলের বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা-সংক্রান্ত আইন পরিবর্তন করা হয়েছে। এরপর এসএসসির ফলাফল পর্যালোচনায় উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর ফল বদলেছে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ফল পুনর্মূল্যায়নের পর ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ৩ হাজার ৮৯ জন।
খাতা মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের দক্ষতা ও অভিজ্ঞতার ঘাটতি দূর করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
এ সময় এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রের জলাবদ্ধতার ঘটনাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণে ওই কেন্দ্রে পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়েছিল। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় আলোচনা হয়।
এরপর ওই কেন্দ্রে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হলেও মাত্র ৮২ জন পরীক্ষার্থী অংশ নেয় বলে জানান তিনি।
ঘটনাটির প্রসঙ্গ টেনে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয় অতিরঞ্জিতভাবে প্রচার করা উচিত নয়। শিক্ষাসংক্রান্ত ঘটনা বাড়িয়ে উপস্থাপন করলে তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে।
এদিকে শিক্ষাব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।
এ লক্ষ্যে প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলের সঙ্গে বৈঠক হয়েছে। শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পাঠদান আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের।
তবে শিক্ষার্থীদের শুধু প্রযুক্তির ওপর নির্ভর না করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, তথ্য সংগ্রহের পাশাপাশি প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জনের দিকে মনোযোগ দিতে হবে। শিক্ষাজীবনে তথ্য জানার চেয়ে সেই তথ্য কাজে লাগানোর মতো জ্ঞান ও বাস্তব দক্ষতা অর্জন বেশি গুরুত্বপূর্ণ।














মন্তব্যসমূহ