আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে ২৪ ডিসেম্বর তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নির্ধারিত সময়ের মধ্যে নতুন বই সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। সে অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর বই বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে সম্পূর্ণ আধুনিকায়নের কাজ চলছে। প্রথম পর্যায়ে দেশের ৯টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ৫০৩টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ খাতে শিক্ষার মান বাড়াতে ‘টেকনিক্যাল বোর্ড অব এডুকেশন’ পুনর্গঠনের পরিকল্পনাও রয়েছে।
পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে নতুন ব্যবস্থার কথা জানিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। ভবিষ্যতেও যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য প্রশ্নপত্র ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে সরাসরি প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা চালুর কথা বিবেচনা করছে সরকার।
এর মাধ্যমে প্রশ্নপত্রের নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।














মন্তব্যসমূহ