মহান বিজয় দিবস উদ্যাপন ঘিরে সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিজয় দিবসের সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে।
স্মৃতিসৌধে প্রবেশ ও বের হওয়ার পথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্তসংখ্যক সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এসব ক্যামেরা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে।
এর মাধ্যমে স্মৃতিসৌধ এলাকা ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা আরও জোরদার করা হবে।
এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয় সভায়।
জাতীয় স্মৃতিসৌধের পাশাপাশি বঙ্গভবনে আয়োজিত বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানেও বিশেষ নিরাপত্তা থাকবে। সেখানে আমন্ত্রিত অতিথিদের দেহ ও যানবাহন তল্লাশির ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলেও নিরাপত্তা জোরদার করা হবে।
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং স্মৃতিসৌধসংলগ্ন এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ প্রধান অনুষ্ঠানস্থলগুলোতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি ও প্রয়োজনীয় জনবল প্রস্তুত রাখা হবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজয় দিবসের জাতীয় কর্মসূচিগুলো শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সভায়।














মন্তব্যসমূহ