দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশু মারা গেছে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩১৮ শিশুর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে ১০৫ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ১ হাজার ২১৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৭৩ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৫০৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, নিশ্চিত হাম শনাক্তের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক মানুষ হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হচ্ছেন।














মন্তব্যসমূহ