পরিবারে বাবা-মা কিংবা নিকটাত্মীয়ের কিডনি রোগের ইতিহাস থাকলে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি। কারণ, কিডনির কিছু রোগ বংশগতভাবে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়াতে পারে। এমনই একটি জটিল বংশগত রোগ হলো ‘পলিসিস্টিক কিডনি ডিজিজ’ (পিকেডি)। এই রোগে কিডনির ভেতরে অসংখ্য তরলপূর্ণ থলি বা সিস্ট তৈরি হয়, যা সময়ের সঙ্গে আকারে বড় হতে থাকে এবং কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করে দেয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
চিকিৎসকদের মতে, রোগটি প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো দৃশ্যমান লক্ষণ প্রকাশ করে না। ফলে আক্রান্ত ব্যক্তি দীর্ঘদিন নিজের অসুস্থতার বিষয়টি টের পান না। যখন উপসর্গ দেখা দেয় এবং পরীক্ষার মাধ্যমে রোগটি শনাক্ত হয়, ততক্ষণে কিডনির ক্ষতি অনেকটা এগিয়ে যায়। তাই পরিবারে এ রোগের ইতিহাস থাকলে শুরু থেকেই সচেতন হওয়া প্রয়োজন।
পলিসিস্টিক কিডনি রোগ কী ও এর ধরন সাধারণত সুস্থ কিডনি দেখতে শিমের বীজের মতো। কিন্তু পলিসিস্টিক কিডনি রোগ হলে কিডনির ভেতরে একের পর এক তরলপূর্ণ সিস্ট তৈরি হতে থাকে। সময়ের সঙ্গে সিস্টের সংখ্যা ও আকার বাড়লে কিডনি স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বড় হয়ে যেতে পারে। এতে কিডনির সুস্থ টিস্যুর ওপর চাপ পড়ে এবং ধীরে ধীরে কার্যক্ষমতা কমতে থাকে। এটি কোনো ক্যানসার নয়, তবে সঠিক চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের অভাবে একসময় কিডনি সম্পূর্ণ বিকল হওয়ার ঝুঁকি তৈরি হয়।
পলিসিস্টিক কিডনি রোগ মূলত দুই ধরনের হয়ে থাকে: ১. অটোজোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি রোগ: এটি রোগটির সবচেয়ে সাধারণ ধরন। বাবা অথবা মায়ের যেকোনো একজনের কাছ থেকে ত্রুটিপূর্ণ জিন সন্তানের শরীরে এলে রোগটি হওয়ার আশঙ্কা থাকে। সাধারণত প্রাপ্তবয়স্ক বয়সে, বিশেষ করে ৩০ থেকে ৪০ বছর বয়সে এর লক্ষণ প্রকাশ পেতে পারে। ২. অটোজোমাল রিসেসিভ পলিসিস্টিক কিডনি রোগ: এটি তুলনামূলক বিরল। বাবা ও মা উভয়ের কাছ থেকেই ত্রুটিপূর্ণ জিন পেলে এই রোগ হতে পারে। সাধারণত জন্মের সময় বা শৈশবেই রোগটি শনাক্ত হয়।
যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন প্রাথমিক অবস্থায় কোনো উপসর্গ না থাকলেও সিস্ট বড় হতে থাকলে শরীরে বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে। যেমন—
পিঠে, কোমরে বা পাঁজরের নিচে চিনচিনে কিংবা তীব্র ব্যথা অনুভব করা।
প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া এবং বারবার মূত্রনালিতে সংক্রমণ (ইউটিআই) হওয়া।
উচ্চ রক্তচাপ ও ঘন ঘন মাথাব্যথা হওয়া।
কিডনিতে পাথর হওয়া।
পেট ফুলে যাওয়া বা পেটে ভারি ভাব অনুভব করা।
এসব লক্ষণ দেখা দিলেই যে পলিসিস্টিক কিডনি রোগ হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যায় না। তবে এমন উপসর্গ থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত।
কিডনির বাইরেও জটিলতার ঝুঁকি পলিসিস্টিক কিডনি রোগ কেবল কিডনিতেই সীমাবদ্ধ থাকে না। আক্রান্ত ব্যক্তির লিভার ও অগ্ন্যাশয়সহ শরীরের আরও কিছু অঙ্গে সিস্ট তৈরি হতে পারে। বিরল ক্ষেত্রে মস্তিষ্কের রক্তনালিতে ‘অ্যানিউরিজম’ বা অস্বাভাবিকভাবে ফুলে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে, যা ফেটে গিয়ে রক্তক্ষরণের ঝুঁকি তৈরি করে। বয়স বাড়ার সঙ্গে কিছু রোগীর কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যেতে পারে, যদিও সবার ক্ষেত্রে রোগের অগ্রগতি একই রকম হয় না।
চিকিৎসা ও প্রতিরোধের উপায় পলিসিস্টিক কিডনি রোগের স্থায়ী নিরাময় এখনো আবিষ্কৃত হয়নি। তবে সঠিক সময়ে শনাক্ত করা গেলে রোগের অগ্রগতি ধীর করা এবং জটিলতার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ রোগে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি নিয়মিত কিডনির কার্যক্ষমতা পরীক্ষা করা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং জীবনযাত্রায় স্বাস্থ্যকর পরিবর্তন আনা রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে। নির্বাচিত কিছু রোগীর ক্ষেত্রে সিস্টের বৃদ্ধি ধীর করার জন্য বিশেষ কিছু ওষুধ ব্যবহার করা হয়, যা কেবল বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেই গ্রহণ করা উচিত। রোগের কারণে কিডনি পুরোপুরি বিকল হয়ে গেলে ডায়ালিসিস অথবা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।
পরিবারে পলিসিস্টিক কিডনি রোগের ইতিহাস থাকলে সন্তানদের বংশগত ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে আগেভাগেই স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। দ্রুত শনাক্তকরণ ও নিয়মিত চিকিৎসা কিডনির কার্যক্ষমতা দীর্ঘদিন সচল রাখতে সাহায্য করে।














মন্তব্যসমূহ