বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্টসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নিয়োগের জন্য অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত তিন দেশের অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পরিচয়পত্র গ্রহণের পর সৌজন্য সাক্ষাতে এসব বিষয় তুলে ধরেন রাষ্ট্রপতি।
এদিন প্রথমে অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক, পরে গায়ানার হাইকমিশনার ধারামকুমার সীরাজ এবং সবশেষে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে। তারা বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো নির্মাণ, উৎপাদন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।
তিনি বিশেষভাবে অস্ট্রিয়া ও গায়ানায় বাংলাদেশের চিকিৎসক, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ বাড়ানোর আহ্বান জানান। অন্যদিকে ফিজির অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে বাংলাদেশি কর্মীদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রস্তাব দেন।
এ ক্ষেত্রে স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক অভিবাসন প্রক্রিয়া গড়ে তোলা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় সমঝোতার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দেশটির প্রেসিডেন্ট ড. আলেকজান্ডার ভ্যান ডার ব্যালেনের প্রতি শুভেচ্ছা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফরের আহ্বান জানান। পাশাপাশি সরাসরি ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাব দেন।
এ সময় অস্ট্রিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে তার দেশের আগ্রহের কথা জানান।
রাষ্ট্রপতি বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেন।
গায়ানার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলী পুনর্নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে গায়ানার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে গায়ানার বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি। এ ছাড়া গায়ানায় বাংলাদেশের ওষুধ রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন।
ফিজির হাইকমিশনারের সঙ্গে আলোচনায় কৃষি, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সুনীল অর্থনীতিতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
রাষ্ট্রপতি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এর আগে তিন দেশের কূটনীতিকরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাদের গার্ড অব অনার প্রদান করে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতাও কামনা করেন তারা।














মন্তব্যসমূহ