রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর হাইকোর্টে শুনানি চলছে।
আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে আলোচিত এ মামলার শুনানি পরিচালনা করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। এর আগে গত ৭ জুন বিচারিক আদালত মামলার প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন।
মামলার নথিপত্র ও বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনার পরদিন সোহেল, তাঁর স্ত্রী স্বপ্না এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা দায়ের করেন নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।
তদন্ত ও মামলার বিবরণ থেকে জানা যায়, প্রতিবেশী সোহেল শিশু রামিসাকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর ঘটনাটি আড়াল করতে রামিসাকে গলা কেটে হত্যা করে এবং অপরাধ ধামাচাপা দিতে মরদেহ টুকরো করার চেষ্টা চালায়।
আলোচিত এ মামলায় গত ২৪ মে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। চার্জশিটে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে তাঁর স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। চার্জশিট দাখিলের কয়েক ঘণ্টা পরেই আদালত মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন এবং পরবর্তীতে মাত্র ১৯ দিনের মাথায় আলোচিত এই মামলাটির বিচারকাজ শেষ করে রায় ঘোষণা করা হয়েছিল।














মন্তব্যসমূহ