রাজধানীর মোহাম্মদপুরে এক নারীকে আধ্যাত্মিক চিকিৎসার নামে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কথিত পীর মো. সোহেল রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত এ আদেশ দেন।
এদিন সোহেল রানাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইখতিয়ার হোসেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জামিনে মুক্তি পেলে তিনি পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা রয়েছে। এতে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এসব কারণ দেখিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সোহেল রানাকে কারাগারে রাখার আবেদন জানানো হয়।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অমিত দেওয়ান আদালতে জামিনের আবেদন করেন। পরে তিনি জানান, আদালত জামিন শুনানির জন্য মঙ্গলবার (১৭ নভেম্বর) দিন ধার্য করেছেন। এর আগে সোহেল রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোডে নিজের বাসা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২-এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ ও আদালত সূত্র অনুযায়ী, গত ১১ নভেম্বর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন এক নারী।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি একজন সাংস্কৃতিক কর্মী। তার স্বামীর ব্যবসায়িক সূত্রে ২০২১ সালে সোহেল রানার সঙ্গে পরিচয় হয়।
পরে ওই নারীর শারীরিক অসুস্থতার কথা জানতে পেরে চিকিৎসার আশ্বাস দিয়ে তাকে মোহাম্মদপুরের নুরজাহান রোডে নিজের আস্তানায় যেতে বলেন সোহেল রানা।
এজাহারের অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৪ আগস্ট বিকেলে চিকিৎসা ও আধ্যাত্মিক চর্চার কথা বলে ওই নারীর চোখ ও মুখ কালো কাপড় দিয়ে বেঁধে একটি বিশেষ কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
বাদীর দাবি, ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে বলে ভয় দেখিয়ে তাকে বিষয়টি গোপন রাখতে বাধ্য করা হয়। পরবর্তী সময়ে একইভাবে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
মামলার এজাহারে আরও বলা হয়, গত ১২ সেপ্টেম্বর অনাগত সন্তানের জন্য তদবির দেওয়ার কথা বলে ওই নারীকে আবারও নুরজাহান রোডের আস্তানায় ডেকে নেওয়া হয়। সেখানেও তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে মামলা হওয়ার পর সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।














মন্তব্যসমূহ