স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রের রক্তনালিতে দুটি রিং (স্টেন্ট) স্থাপন করা হয়েছে। এনজিওগ্রাম পরীক্ষায় তিনটি স্থানে ব্লক ধরা পড়ার পর চিকিৎসকদের পরামর্শে এ চিকিৎসা দেওয়া হয়।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (১৪ নভেম্বর) একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে হৃদ্যন্ত্রের রক্তনালির তিনটি স্থানে ব্লক শনাক্ত হয়।
পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোববার দুটি ব্লকের চিকিৎসায় রিং স্থাপন করা হয়। অপর ব্লকটির চিকিৎসায় বেলুনের সাহায্যে রক্তনালি প্রসারিত করার পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।
প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পুরো চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আরও জানান, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।














মন্তব্যসমূহ