জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ঘটনার কারণ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি এবং তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্যেও কোনো বক্তব্য রাখেননি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে নুসরাত তাবাসসুমের উত্থাপিত বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে নুসরাত তাবাসসুম তার বাড়িতে আগুন লাগার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্ববর্তী বক্তব্যের প্রসঙ্গ তোলেন। সংসদে ঘটনাটিকে ‘শর্ট সার্কিট’ ও ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উপস্থাপন করায় তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন ১২ নভেম্বর সংসদে বিরোধী দলের চিফ হুইপ বিষয়টি উত্থাপন করলে তিনি তখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে বক্তব্য দিয়েছিলেন।
সালাউদ্দিন আহমদ বলেন, ঘটনার পরপরই তিনি ফায়ার সার্ভিস ও বিজিবির মহাপরিচালক, পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। পরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিতে বিজিবির মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ফায়ার সার্ভিসের একজন অতিরিক্ত পরিচালককে রাখা হয়েছে।
তদন্ত কমিটিকে শুক্রবার ও শনিবারসহ তিন দিন সময় দেওয়া হয়েছিল বলে জানান মন্ত্রী। রোববার সেই সময়সীমা শেষ হওয়ায় সোমবার (১৬ নভেম্বর) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেন তিনি।
অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ নিয়ে নিজের আগের বক্তব্যের ব্যাখ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার পর প্রাথমিক পর্যবেক্ষণে পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছিলেন। একই সঙ্গে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনাও সামনে এসেছিল।
তবে এগুলোর কোনোটিকেই নিশ্চিত কারণ হিসেবে উল্লেখ করেননি বলে দাবি করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।
অগ্নিকাণ্ডের সময় বাড়ি থেকে মানুষের বের হওয়ার প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ঘটনার ভিডিওতে এক নারীকে শিশু সন্তান কোলে নিয়ে বের হয়ে আসতে দেখা গেছে। পরে তিনিও ভিডিওটি দেখেছেন।
আগুনে একটি ছাগল মারা যাওয়ার বিষয়টি সত্য বলে উল্লেখ করেন তিনি। সেখানে গরুও ছিল বলে শুনেছেন। এসব তথ্যও তদন্তের আওতায় রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া টেলিফোনে হুমকি দেওয়ার ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি। সাইবার অপরাধীদের শনাক্ত করতে আইনগত প্রক্রিয়া চলছে। অগ্নিকাণ্ডের ঘটনায় মামলার বিষয়টিও আইনি প্রক্রিয়ায় এগোচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
নুসরাত তাবাসসুমের তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কিংবা সংসদের অন্য কেউ তদন্তকে প্রভাবিত করার জন্য কোনো বক্তব্য দেননি।
একই সঙ্গে সংসদ সদস্যদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তিনি। কোনো সংসদ সদস্যের ওপর আক্রমণ কিংবা তার জানমালের ক্ষতির ঘটনা কঠোরভাবে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরে এ বিষয়ে রুলিং দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করা একজন সংসদ সদস্যের অধিকার এবং এ ধরনের উদ্বেগকে অসংসদীয় বক্তব্য বলা যায় না।
স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে তদন্তের ব্যবস্থা করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন উল্লেখ করে স্পিকার তদন্তের ফলাফল দেখার পরামর্শ দেন। একই সঙ্গে নুসরাত তাবাসসুমকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
এদিকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা না দিয়ে আরও সাত কার্যদিবস সময় চেয়েছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ফরেনসিক প্রতিবেদন ও ভিডিও ফুটেজ যাচাইয়ের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন বলে জানিয়েছে কমিটি।














মন্তব্যসমূহ