জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং প্রাণীর প্রতি মানবিক আচরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আগে নিজেদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এদিন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন ছয়জন শিক্ষক ও অভিভাবক।
এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ শিক্ষার্থী ও ছয় শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ শিক্ষার্থী ও দুই শিক্ষক পরিদর্শনে অংশ নেন।
শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম দেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠবে। তবে এসব ক্ষেত্রে ভূমিকা রাখার আগে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও দায়িত্বশীলতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে অনুসরণ করার মতো তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন তারেক রহমান।
প্রথমেই পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নিজের বাড়ি, শহর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে বলেন তিনি।
দ্বিতীয় পরামর্শে বৃক্ষরোপণের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।
তৃতীয় পরামর্শে পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন।
সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা উত্তর প্লাজায় ফটোসেশনেও অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।














মন্তব্যসমূহ