আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা এখন পর্যন্ত নেই বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা তৎপরতা অব্যাহত রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ করছেন এসআরবির সদস্যরা।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
ডিসেম্বর ঘিরে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো আশঙ্কা আমরা করছি না। আমরা মাঠে আছি। অন্যান্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।”
রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইন্তেখাব চৌধুরী জানান, সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে মোবাইল টহল ও পায়ে হেঁটে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, দিনের কোন সময়ে নাশকতার ঘটনা বেশি ঘটছে, তা বিশ্লেষণ করে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ সময়গুলোতে অতিরিক্ত গুরুত্ব দিয়ে চেকপোস্ট ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।
এত নিরাপত্তাব্যবস্থার পরও রাজধানীতে নাশকতার ঘটনা ঘটছে কেন, এমন প্রশ্নের জবাবে এসআরবির এই কর্মকর্তা জানান, ঢাকার মতো বড় শহরের প্রতিটি স্থান পুরোপুরি নিরাপত্তার আওতায় রাখা সম্ভব নয়। তবে এসআরবি, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজও চলছে বলে জানান তিনি। এ জন্য ঘটনাস্থলের তথ্য যাচাই এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
পাশাপাশি বিভিন্ন চেকপোস্টে মোটরসাইকেল আরোহী এবং তাদের বহন করা ব্যাগ ও অন্যান্য সামগ্রী তল্লাশিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
খুলনার সাম্প্রতিক অপরাধ পরিস্থিতি নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, সেখানে সংঘটিত বিভিন্ন অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে এসআরবি-৬-এর একাধিক দল কাজ করছে।
ইউনিফর্মের পাশাপাশি সাদাপোশাকেও সদস্যরা অভিযান পরিচালনা করছেন। গত কয়েক দিনে খুলনায় বেশ কয়েকটি সফল অভিযান চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। তবে সব অভিযানের বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা সম্ভব হয়নি।
অপরাধীদের রাজনৈতিক পরিচয় কিংবা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গোয়েন্দা তথ্য প্রকাশ করা সম্ভব নয়। কোনো অপরাধের খবর পাওয়ার পর গোয়েন্দা সদস্যরা কাজ শুরু করেন। এরপর অভিযানিক দল প্রত্যক্ষ প্রমাণ, সাক্ষ্য, প্রযুক্তিনির্ভর তথ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে।
এসব তথ্য যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার ওপরও নজরদারি চালাচ্ছে এসআরবি।
ইন্তেখাব চৌধুরী জানান, বাহিনীটির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করছে। সন্দেহজনক তথ্য পাওয়া গেলে তা যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযানিক দলকে সম্পৃক্ত করা হচ্ছে।
সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে এসআরবির এই কর্মকর্তা জানান, বড় ধরনের নাশকতার আশঙ্কা না থাকলেও সতর্কতা শিথিল করা হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের তৎপরতা অব্যাহত থাকবে।














মন্তব্যসমূহ