র্যাগিং, মারধর, টাকা দাবি ও যৌন হয়রানির ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন বিভাগের মোট ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁদের মধ্যে পাঁচজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া শৃঙ্খলাভঙ্গের ঘটনায় আরও চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শাস্তিমূলক সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় ১৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে দুই বছরের জন্য এবং বাকি ১৫ জনকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।
দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন সানি নেহালি ও সানাউল করিম।
এক বছরের জন্য বহিষ্কৃত ১৫ শিক্ষার্থী হলেন শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান, মেহেদী হাসান ও মাহাথির জিসান।
অন্যদিকে লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মারধর এবং তাঁর কাছে টাকা দাবির ঘটনায় নয় শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের মধ্যে পাঁচজনকে স্থায়ীভাবে এবং চারজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
স্থায়ীভাবে বহিষ্কৃতরা হলেন আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তারিক জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকত।
এক বছরের জন্য বহিষ্কৃত চার শিক্ষার্থী হলেন মুজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভ।
একই ঘটনায় লোকপ্রশাসন বিভাগের আরও চার শিক্ষার্থীকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে তাঁদের নাম প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এদিকে যৌন হয়রানির পৃথক ঘটনায় ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁকে মাস্টার্স পর্যায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
সব মিলিয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ১৭ জন, লোকপ্রশাসন বিভাগে ৯ জন এবং ব্যবস্থাপনা বিভাগে একজনসহ মোট ২৭ শিক্ষার্থী বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।














মন্তব্যসমূহ