ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের পর্যাপ্ত সময় পান, সে জন্য তিনি এ আহ্বান জানান।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বিষয়টি তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, এ বছর এইচএসসি পরীক্ষার ফল আশানুরূপ হয়নি। পাসের হার মাত্র ৫২ শতাংশ। এর মধ্যেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ফলে খাতা পুনর্নিরীক্ষণের মাধ্যমে নতুন করে উত্তীর্ণ কিংবা ভালো ফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠক করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৭ নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফল প্রকাশের কথা রয়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণের শেষ সময় নির্ধারিত রয়েছে ২৫ নভেম্বর পর্যন্ত। ফলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর শিক্ষার্থীরা আবেদনের জন্য মাত্র দুই দিন সময় পাবেন।
এ প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমার জানা মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ২৫ নভেম্বরের মধ্যে আবেদন করার জন্য শিক্ষার্থীরা খুব কম সময় পাবে। তাই যেসব শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণে ভালো গ্রেড পাবে, তারা যেন আবেদনের সুযোগ থেকে বঞ্চিত না হয়—সে জন্য আমি উপাচার্যকে আবেদনের সময় আরো কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানাব।’
শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত করাই সময়সীমা বাড়ানোর অনুরোধের মূল উদ্দেশ্য।














মন্তব্যসমূহ