নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা দেশব্যাপী কথিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বের করা একটি ঝটিকা মশাল মিছিল থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে ভাঙ্গা পৌর এলাকার নূরপুরে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ির সামনের সড়কে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বেশ কিছু নেতাকর্মী হঠাৎ জড়ো হয়ে এই মশাল মিছিল বের করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মধ্যরাতে আকস্মিক মিছিলটি বের করে সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিতে থাকলে স্থানীয় বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ এলাকাবাসী ধাওয়া দিয়ে তিনজনকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরবর্তীতে থানা-পুলিশ তাৎক্ষণিক বিশেষ অভিযান পরিচালনা করে মিছিলের সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো—ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের এস্কান্দার শরীফের ছেলে রাহুল ইসলাম (১৭), ভাঙ্গা পৌরসভার শিলাধরচর গ্রামের ইকবাল শেখের ছেলে আশিক শেখ (১৬), একই গ্রামের বাবুল শেখের ছেলে সামিউল শেখ (১৫) এবং পশ্চিম হাসামদিয়া গ্রামের আহমেদ আলীর ছেলে আমির হামজা ওরফে নূর (১৭)।
এদিকে মধ্যরাতে বের করা এই মশাল মিছিলটির একটি সংক্ষিপ্ত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কতিপয় অপ্রাপ্তবয়স্ক ও তরুণ মুখে কাপড় বেঁধে মশাল জ্বালিয়ে স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, গভীর রাতে ঝটিকা মশাল মিছিলের খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করে। পরে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নাশকতার চেষ্টায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।














মন্তব্যসমূহ