জাতীয় সংসদের অধিবেশন শুরুর পরপরই পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে স্পিকারের সতর্কবার্তা পেয়েছেন বিএনপির সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া। সংসদের কার্যপ্রণালি অনুযায়ী, দিনের কার্যসূচির এক অংশ শেষ হয়ে পরবর্তী অংশ শুরুর মধ্যবর্তী সময়ে পয়েন্ট অব অর্ডার তুলতে হয় বলে তাকে মনে করিয়ে দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরুর সময় এ ঘটনা ঘটে। কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন।
এ সময় তাকে থামিয়ে স্পিকার বলেন, ‘এখনো তো শুরুই করলাম না, শুধু আপনাদেরকে আসসালামু আলাইকুম দিলাম, এর মধ্যেই আপনি এটা তুলে দিলেন।’
এরপর পয়েন্ট অব অর্ডার উত্থাপনের নিয়ম ব্যাখ্যা করে স্পিকার জানান, এ ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে কোন বিধির আওতায় বিষয়টি তুলছেন, তা উল্লেখ করতে হবে। পাশাপাশি দিনের কার্যসূচির একটি অংশ শেষ হওয়ার পর পরবর্তী অংশ শুরু হওয়ার আগের বিরতিতে এ ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে।
সেলিম ভূঁইয়া সংসদে একটি ভিডিও প্রকাশের বিষয়টি তুলে ধরে অভিযোগ করেন, ছাত্রলীগের একজন ক্যাডার ও হলুদ সাংবাদিক ওই ভিডিওতে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন, 'একটু আগে ছাত্রলীগের ক্যাডার, একজন হলুদ সাংবাদিক একটা ভিডিও ছেড়েছেন। সেখানে বলেছেন আপনারা যে সংসদীয় স্থায়ী কমিটি করেছেন, এই কমিটির সুপারিশ করা ছাড়া কোনো এখতিয়ার নাই। সুপারিশ মন্ত্রণালয় রাখতেও পারে, নাও রাখতে পারে। এখন এই ভিডিওটা দিয়ে আমাদের এই সংসদীয় কমিটিকে সে এখানে প্রশ্নবিদ্ধ করেছে।'
এ ঘটনার পেছনে সংসদের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন বিএনপির এই সংসদ সদস্য। বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'এটার পেছনে আমাদের কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে। এই সংসদের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এই ভিডিওটা করার পেছনে জড়িত থাকতে পারে। আমি আমাদের সচিব মহোদয়কে এটা দিয়েছি। উনি যাতে এটা দেখে, আপনাকে দেখায় এবং এটার জন্য একটা তদন্ত কমিটি করে। এটার একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।'
জবাবে স্পিকার আবারও সংসদীয় কার্যপ্রণালির নিয়ম অনুসরণের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, 'সংসদের সবকিছু তোলার একটা টাইম আছে। আপনি পয়েন্ট অব অর্ডারে হয়তো তুলেছেন। যখন কোনো প্রশ্ন তুলবেন, প্রথমে দাঁড়িয়ে পয়েন্ট অব অর্ডার কোন বিধিতে সেটা উল্লেখ করবেন। এবং এগুলোরও একটা টাইম আছে। এগুলোর টাইম হলো দিনের কার্যসূচিতে একটি অংশের সমাপ্তি হলে পরবর্তী অংশে যাওয়ার আগে-এই মধ্যবর্তী সময়, সেই সময় পয়েন্ট অব অর্ডার তুলতে হয়।'
পয়েন্ট অব অর্ডার হিসেবে বিষয়টি উত্থাপনের যথার্থতা এবং কোন বিধিতে তা তোলা হয়েছে, সেসব উল্লেখ করার পর বিবেচনার সুযোগ রয়েছে বলেও জানান স্পিকার।
তিনি বলেন, 'এখনো তো শুরুই করলাম না। শুধু আপনাদেরকে আসসালামু আলাইকুম দিলাম, এর মধ্যেই তো আমি ওয়ালাইকুম আসসালাম শোনার আগেই তো আপনি এটা তুলে দিলেন। এটা পরবর্তী সময়ে বিধিমোতাবেক এক পর্যায় থেকে অন্য পর্যায়ে, এক বিষয় থেকে অন্য বিষয়ে যাওয়ার যে মধ্যবর্তী সময়, সেই সময় তুলতে পারেন। এবং এটা পয়েন্ট অব অর্ডার কি না, কোন বিধিতে-সেটা উল্লেখ করবেন। তখন বিবেচনা করা যাবে।'














মন্তব্যসমূহ