ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বক্তব্য

ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের নিজেদের চরিত্র ও আচরণ অবিলম্বে সংশোধন করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে জানান, অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান আপসহীন অবস্থান নিয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।দলীয় নেতাকর্মীদের সতর্ক করে স্পিকার বলেন, শৃঙ্খলা ভঙ্গের কারণে ইতোমধ্যে ঢাকায় হাসপাতাল দখলের অভিযোগে একজন নারী সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন এবং গতকাল মাদকসেবীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় অস্ত্র হাতে নেওয়ার প্রেক্ষাপটে সাদেক হোসেন খোকার ছেলে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছেন। ইশরাক হোসেনের ভূমিকার মূল্যায়ন করে স্পিকার উল্লেখ করেন, কাজ হিসেবে তিনি ভালো কাজই করতে গিয়েছিলেন—পুলিশের ওপর হামলাকারী মাদক কারবারিদের দমন করা। তবে একজন সরকারদলীয় প্রতিমন্ত্রী হিসেবে হাতে অস্ত্র তুলে নেওয়া শোভনীয় নয়; পুলিশ বা দলীয় কর্মীরা সহায়তায় এলেও মন্ত্রীর নিজের হাতে অস্ত্রের ব্যবহার আইনি কিংবা বেআইনি যা-ই হোক না কেন, তা প্রশাসনিক শিষ্টাচার লঙ্ঘন করে। সে কারণেই প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দেন, যদিও ভবিষ্যতে জনগণের কল্যাণে তাঁর এই সাহসিকতা মূল্যায়িত হতে পারে।তিনি আরও বলেন, দলীয় এমপি ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মতো নজির অতীতের কোনো সরকার স্থাপন করতে পারেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো আপস করছেন না। দীর্ঘ দুঃশাসনের পর জনগণ যে গণতান্ত্রিক ও কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করেছে, তাকে সফল করতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। এছাড়া জাতীয় সংসদে নিজের ভূমিকা প্রসঙ্গে স্পিকার বলেন, তিনি সর্বাবস্থায় নিরপেক্ষতা বজায় রেখে চলছেন এবং বিরোধী দলের কোনো সংসদ সদস্যও তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলতে পারেননি। বিরোধী দল ও সরকারি দলের মন্ত্রী-এমপি নির্বিশেষে সবাইকে সরকারের ভুলত্রুটি ও গঠনমূলক সমালোচনা করার সমান সুযোগ দিয়ে তিনি কার্যকর গণতন্ত্রের চর্চাকে এগিয়ে নিচ্ছেন।অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদিক, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বক্তব্য