কিশোরগঞ্জে রান্নার চুলার ধোঁয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার মামলায় বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন মঞ্জিল মিয়া (৬৫), তাঁর দুই ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), শহিদ (৫৫), আবুল কালামের ছেলে মাহবুব (৩৫), মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫) এবং ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় জ্যোৎস্না বেগম ও আসামিরা পাশাপাশি বাড়িতে বসবাস করতেন। জ্যোৎস্নার বাড়ির রান্নার চুলা থেকে বের হওয়া ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে প্রবেশ করাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়।
এ নিয়ে চুলাটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও সমস্যার সমাধান হয়নি।
২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি চুলার ধোঁয়ার বিষয়টি নিয়ে কথা বলতে গেলে জ্যোৎস্না বেগমের সঙ্গে কলি আক্তার ও মঞ্জিল মিয়ার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে অন্য আসামিরাও ঘটনাস্থলে জড়ো হন।
মামলার অভিযোগ অনুযায়ী, বাগ্বিতণ্ডার একপর্যায়ে আসামিরা জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে আনেন। পরে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে তাঁকে মারধর করা হয়।
হামলার সময় জ্যোৎস্নাকে রক্ষা করতে এগিয়ে আসেন তাঁর ভাইয়ের স্ত্রী আয়শা আক্তার। এ সময় তাঁকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।
পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে জ্যোৎস্নার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
ওই দিনই, ১৬ ফেব্রুয়ারি রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্যোৎস্না বেগমের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেন। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘটনার প্রায় ১০ বছর পর মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন আদালত।
রায়ে সাত আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সেই হিসাবে দণ্ডপ্রাপ্ত সাতজনের মোট জরিমানার পরিমাণ সাত লাখ টাকা।














মন্তব্যসমূহ