বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি বাজারে নতুন সম্ভাবনা তৈরি করছে তুরস্ক। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে পোশাক রফতানি দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সময়ে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াসহ অপ্রচলিত বাজারগুলোতেও সামগ্রিকভাবে রফতানি আয় বেড়েছে। তবে ভারতের বাজারে দেখা গেছে বিপরীত চিত্র।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশ ২৩৭ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি করেছে। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২১৭ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এসব বাজারে রফতানি বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।
সবচেয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে তুরস্কের বাজারে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে ২০ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। সেই হিসাবে তুরস্কে রফতানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশে।
শুধু তুরস্কেই রফতানি আয় বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার। অপ্রচলিত বাজারগুলোতে মোট রফতানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ এসেছে এই একটি দেশ থেকে। ফলে এসব বাজারে বাংলাদেশের মোট পোশাক রফতানিতে তুরস্কের অংশও বেড়েছে। আগের বছরের ৪ দশমিক ৬০ শতাংশ থেকে তা এখন ৮ দশমিক ৭১ শতাংশে পৌঁছেছে।
তবে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে রফতানি আয়ের দিক থেকে শীর্ষ অবস্থান ধরে রেখেছে জাপান। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে বাংলাদেশের পোশাক রফতানি হয়েছে ৪৩ কোটি ৭৩ লাখ ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ২ দশমিক ৪০ শতাংশ। অপ্রচলিত বাজারে মোট রফতানির ১৮ দশমিক ৪৪ শতাংশই এসেছে জাপান থেকে।
অন্যদিকে অস্ট্রেলিয়ায় তৈরি পোশাক রফতানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধিতে রফতানি আয় দাঁড়িয়েছে ১৫ কোটি ১৩ লাখ ডলারে।
তবে প্রতিবেশী ভারতের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশটিতে রফতানি আয় ৫ দশমিক ৩৮ শতাংশ কমে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমেছে।
শীর্ষ পাঁচটি অপ্রচলিত বাজারের বাইরেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। অন্যান্য বাজারে চার মাসে পোশাক রফতানি হয়েছে ১০৬ কোটি ডলারের, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪৮ শতাংশ বেশি। অপ্রচলিত বাজারের মোট রফতানি আয়ে এসব দেশের সম্মিলিত অংশ ৪৪ দশমিক ৭৬ শতাংশ।
শুধু অক্টোবর মাসের তথ্যেও বাজার সম্প্রসারণের এই ধারা দেখা গেছে। মাসটিতে অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ৮ দশমিক ৯৯ শতাংশ বেড়ে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারে দাঁড়িয়েছে।
অক্টোবরে তুরস্কে রফতানি হয়েছে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক, যা আগের বছরের একই মাসের তুলনায় ৭৫ দশমিক ৯৬ শতাংশ বেশি। মাসভিত্তিক রফতানি আয়ের হিসাবে জাপানের পরই রয়েছে তুরস্ক। এ সময়ে জাপানে রফতানি হয়েছে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক, প্রবৃদ্ধি ১ দশমিক ৬৪ শতাংশ।
একই মাসে অস্ট্রেলিয়ায় রফতানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৫ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। তবে ভারতে ৫ দশমিক ৪১ শতাংশ কমে ৪ কোটি ৫৯ লাখ ডলার এবং দক্ষিণ কোরিয়ায় ৪ দশমিক ৬০ শতাংশ কমে ৩ কোটি ৪ লাখ ডলারে নেমেছে।
এদিকে পোশাকসহ দেশের সামগ্রিক রফতানি বাজার সম্প্রসারণে সরকারের নেওয়া উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত ও নতুন বাজারে বাংলাদেশের রফতানি সম্প্রসারণে কাজ করছে। বাংলাদেশকে একটি আঞ্চলিক উৎপাদন ও রফতানি কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সময়োপযোগী নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এলডিসি থেকে উত্তরণের আগেই এ ধরনের সক্ষমতা ও কাঠামো গড়ে তুলতে সরকার থ্রি-আর কৌশলকে কাজে লাগাচ্ছে।’
সরকারের লক্ষ্য সম্পর্কে তিনি আরও জানান, নতুন বাজার খোঁজার পাশাপাশি রফতানি পণ্যে বৈচিত্র্য আনা এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা হবে।
সংশ্লিষ্টদের মতে, অপ্রচলিত বাজারে রফতানির এই সম্প্রসারণ বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে। বিশেষ করে জাপান ও তুরস্কের মতো বাজারে প্রবৃদ্ধি অব্যাহত থাকলে কয়েকটি প্রচলিত গন্তব্যের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।
একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার ক্ষেত্রেও নতুন বাজার সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।














মন্তব্যসমূহ