গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আলীম কাজী আদালতে উপস্থিত ছিলেন।[BANGVIEWS-POST:1782]মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়িতে আলীম কাজী হাতে বঁটি নিয়ে তাঁর বাবা ইসমাইল কাজীকে গালিগালাজ করছিলেন। বাবা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তিনি বঁটি দিয়ে ইসমাইল কাজীর গলায় কোপ দেন।গুরুতর আহত অবস্থায় ইসমাইল কাজীকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।[BANGVIEWS-POST:1780]এ ঘটনায় নিহতের আরেক ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য ও প্রমাণ গ্রহণ শেষে আদালত আলীম কাজীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট এম এম জুলকদর এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু তালেব শেখ।