প্রায় পাঁচ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খুঁজতে আবারও আলোচনার টেবিলে বসছেন দুই দেশের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হচ্ছে দুই দিনের শান্তি আলোচনা। তবে যুদ্ধবিরতি, ভূখণ্ডের নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে মস্কো ও কিয়েভের অবস্থানে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) শুরু হতে যাওয়া এই আলোচনা চলবে বুধবার পর্যন্ত। গত ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা সরাসরি ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নিচ্ছেন। এবারের বৈঠকের প্রধান আলোচ্য বিষয় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা।
এর আগে চলতি বছরের শুরুতে কয়েক দফা আলোচনা হলেও যুদ্ধ বন্ধে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। নতুন এই বৈঠকে দীর্ঘমেয়াদি শান্তির জন্য একটি গ্রহণযোগ্য সমঝোতার ভিত্তি তৈরির চেষ্টা করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় কুশনার জানিয়েছেন, তাঁরা এমন একটি আলোচনাভিত্তিক সমাধান খুঁজছেন, যা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। একই সঙ্গে ইউরোপের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থাকে আরও স্থিতিশীল করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
তবে শান্তিচুক্তির পথে সবচেয়ে বড় বাধা ইউক্রেনের চারটি অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে দুই দেশের বিপরীত অবস্থান।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান, ইউক্রেন দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করুক। ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়া এসব অঞ্চল নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করলেও এখন পর্যন্ত চারটির কোনোটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি।
পুতিনের আরও দাবি, ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা বন্ধ করতে হবে এবং দেশটির সামরিক সক্ষমতার ওপর কঠোর সীমাবদ্ধতা মেনে নিতে হবে। পাশাপাশি ইউক্রেনে রুশ ভাষা ও মস্কোপন্থী অর্থোডক্স চার্চের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে।
রাশিয়ার অবস্থান হলো, বিচ্ছিন্ন কোনো যুদ্ধবিরতির পরিবর্তে এসব শর্তের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তি করতে হবে। মস্কোর যুক্তি, তাৎক্ষণিক যুদ্ধবিরতি হলে ইউক্রেনীয় বাহিনী পুনর্গঠিত হওয়ার এবং অস্ত্রের মজুত বাড়ানোর সুযোগ পাবে।
পুতিন সতর্ক করেছেন, ইউক্রেন এসব শর্ত প্রত্যাখ্যান করলে রাশিয়া সামরিক শক্তি প্রয়োগ করেই নিজেদের লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যাবে।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ভূখণ্ডসংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করেছেন। দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন ছেড়ে দেওয়ার পাশাপাশি ইউক্রেনের সামরিক শক্তি সীমিত করার প্রস্তাবও মানতে রাজি নন তিনি।
কিয়েভের অবস্থান অনুযায়ী, ভবিষ্যতে রাশিয়ার নতুন কোনো সামরিক আগ্রাসন ঠেকাতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা অপরিহার্য। তাই পশ্চিমা অংশীদারদের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক বা প্রতিরক্ষা সহযোগিতায় বিধিনিষেধ আরোপের দাবিও প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি।
ইউক্রেন মনে করে, বৃহত্তর শান্তিচুক্তির দিকে এগোতে হলে প্রথমেই যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। পাশাপাশি ভূখণ্ডসংক্রান্ত বিরোধের চূড়ান্ত নিষ্পত্তিতে পুতিন ও জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রয়োজন রয়েছে।
এবারের আলোচনায় উভয় পক্ষই অভিজ্ঞ কর্মকর্তাদের পাঠিয়েছে।
রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি। ২০২২ সালের মার্চে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত প্রথম সরাসরি শান্তি আলোচনাতেও মস্কোর প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
রুশ দলে আরও রয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও মিখাইল গালুজিন, সামরিক গোয়েন্দাপ্রধান ইগর কোস্তিউকভ এবং জেনারেল স্টাফের অপারেশনাল বিভাগের উপপ্রধান ইউরি ঝিগারলভস্কি।
ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান রুস্তেম উমেরভ। তাঁর সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ কিরিলো বুদানভ, উপপ্রধান সের্গেই কিসলিতসিয়া এবং ক্ষমতাসীন সার্ভেন্ট অব দ্য পিপল পার্টির সংসদীয় দলের নেতা দাভিদ আরাখামিয়া।
আবুধাবির বৈঠকে ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ নিয়েও মতপার্থক্য রয়েছে। রাশিয়া আলোচনাকে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার মধ্যেই সীমিত রাখতে চায়। অন্যদিকে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলাদা সমন্বয় ও আলোচনার পরিকল্পনা রয়েছে।
ফলে নতুন এই উদ্যোগ যুদ্ধ বন্ধের সম্ভাবনা তৈরি করলেও কোনো চুক্তিতে পৌঁছানো এখনো অনিশ্চিত। বিশেষ করে ভূখণ্ডের নিয়ন্ত্রণ, যুদ্ধবিরতির শর্ত এবং ইউক্রেনের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে সমঝোতা ছাড়া স্থায়ী শান্তির পথ তৈরি হওয়া কঠিন।
সূত্র : রয়টার্স।














মন্তব্যসমূহ