ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দিয়ে নয়, ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে পাঠানো অনুরোধের উদ্দেশ্যও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে পাঠানো অনুরোধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনাকে ধরে আনতে চাই। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, এটা আমাদের সংবিধানেই আছে।’
তিনি জানান, শেখ হাসিনা ব্যক্তিগতভাবে পাসপোর্টের জন্য সরাসরি কোনো আবেদন করেননি। একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।
তথ্য উপদেষ্টা বলেন, ‘তিনি পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। একটি ল ফার্মের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।’
পাসপোর্ট চাওয়ার এই অনুরোধ শেখ হাসিনার কোনো কৌশলের অংশ কি না, সেটিও সরকার পর্যালোচনা করবে বলে জানান তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া সম্পর্কে সরকারের অবস্থান স্পষ্ট করে জাহেদ উর রহমান বলেন, ‘হাসিনাকে কী প্রক্রিয়ায় দেশে আনা হবে, তা এখানে ম্যাটার করে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।’
এর আগে শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে অনুরোধ পাঠায়। তবে ওই অনুরোধের যথাযথ অনুমোদন ও আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পরীক্ষা করছে।
এদিকে সংবাদ সম্মেলনে পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, ‘গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম নতুন মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।’
পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন জাহেদ উর রহমান।
এসব ঘটনার পেছনে অর্থায়নের অভিযোগ তুলে তিনি বলেন, ‘মাফিয়া দল তাদের অর্থায়ন থামায়নি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।’














মন্তব্যসমূহ