ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘কনসার্ট বন্ধ হচ্ছে, তবে লাগাতার নয়’: তথ্য উপদেষ্টা

দেশে কনসার্ট বন্ধের কিছু ঘটনা ঘটলেও তা লাগাতার হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের যত ঘটনা ঘটেছিল, বর্তমান সময়ে তার তুলনায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক অভিযোগ করেন, বর্তমানে একের পর এক কনসার্ট বন্ধ হওয়ার ঘটনা ঘটছে। জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘কনসার্ট বন্ধ হচ্ছে, কিন্তু লাগাতার হচ্ছে না। আমরা একমত সবাই, ইন্টেরিমের সময়ে এই ধরনের ঘটনা যত ঘটেছে, তার তুলনায় এখন কিছুই হচ্ছে না। আমি কি ভুল বলছি?’তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার সঙ্গে বর্তমান সময়ের তুলনা করলে বড় ধরনের পরিবর্তন দেখা যায়।তিনি বলেন, ‘আমি যদি তুলনা করি, তাহলে ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এই সরকারের সময় শুধু উল্লেখযোগ্য বললে কম বলা হয়, নাটকীয় উন্নয়ন হয়েছে। দু-একটা ঘটনা যে ঘটছে না, তা নয়।’জাহেদ উর রহমানের মতে, দীর্ঘ সময় ধরে কিছু গোষ্ঠীর এ ধরনের কর্মকাণ্ড চলার পর পরিস্থিতির পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। তারপরও এখন পর্যন্ত যে উন্নতি হয়েছে, সেটিকে তিনি বড় অগ্রগতি হিসেবে দেখছেন।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বের প্রসঙ্গ টেনে তিনি জানান, এ মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একাধিক বৈঠক হয়েছে।জাহেদ উর রহমান বলেন, ‘সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সেটি ছড়িয়ে দেওয়া নিয়ে তাঁর মতো মনোযোগী প্রধানমন্ত্রী বাংলাদেশ কখনো পেয়েছে কি না, আমার সন্দেহ।’তবে কনসার্ট বন্ধের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, দেওয়া বক্তব্যে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

‘কনসার্ট বন্ধ হচ্ছে, তবে লাগাতার নয়’: তথ্য উপদেষ্টা