ইরানের বিরুদ্ধে আপাতত নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতি বদলে গেলে যেকোনো মুহূর্তে হামলা চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের ওপর চলমান নৌ অবরোধকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সোমবার (৯ নভেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন ট্রাম্প। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে ‘চমৎকার আলোচনা’র পর ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক তৎপরতা কার্যকর হচ্ছে এবং নৌ অবরোধের কারণে ইরানের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে, সম্ভবত বিশ্বের ইতিহাসেই এটি সবচেয়ে বড় নৌ অবরোধ। এর মধ্য দিয়ে কোনো কিছুই প্রবেশ করতে পারেনি। এর প্রভাব ইরানের ওপর ভয়াবহ।’
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই মুহূর্তে সামরিক পদক্ষেপ নেওয়া খুব একটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে না। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।’
ইরানের সামরিক সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেন ট্রাম্প। তার ভাষ্য, নৌ অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। তবে ভবিষ্যতে সামরিক অভিযান আবার শুরু হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি। শুধু জানিয়েছেন, প্রয়োজনে মার্কিন বাহিনী নতুন অভিযানের জন্য প্রস্তুত রয়েছে।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না এবং এ বিষয়ে কোনো ধরনের সমঝোতা করা হবে না।
অন্যদিকে চলমান সংঘাতের প্রভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থার সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সময়ে প্রণালি দিয়ে ১৭০টি জাহাজ বাইরে গেছে এবং ১৫৫টি জাহাজ প্রবেশ করেছে। সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় এই সংখ্যা প্রায় ৬৫ শতাংশ কম।
প্রতিবেদন অনুযায়ী, অধিকাংশ জাহাজ ট্রান্সপন্ডার চালু রেখেই ইরানের উত্তর দিকের রুট ব্যবহার করছে।
জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি) জানিয়েছে, স্বাধীনভাবে সংগ্রহ করা জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন জাহাজ পারাপারের সংখ্যা এক অঙ্ক থেকে দুই অঙ্কের মধ্যে রয়েছে।
তবে মার্কিন নৌবাহিনীর জাহাজ চলাচল সমন্বয়সংক্রান্ত তথ্য অনুযায়ী, ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন প্রায় ৩০টি জাহাজ যুক্তরাষ্ট্রের সহায়তায় হরমুজ প্রণালি অতিক্রম করেছে। যদিও মার্কিন কর্তৃপক্ষের দেওয়া এসব তথ্যের সবকিছু স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয় বলে সতর্ক করেছে ইউকেএমটিও।
সূত্র: বিবিসি














মন্তব্যসমূহ